২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই লঙ্কা বাংলার শেয়ারের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের সার্বিক মূল্যসূচক নিচে নেমে গেলেও বুধবার অন্তর্ভুক্তির প্রথম দিনেই লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ারের মূল্য ১২০ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

প্রাথমিক মূল্য ১০ টাকা হলেও দিনের শেষভাগে এসে লঙ্কা বাংলার শেয়ারের দাম দাঁড়ায় ২২ টাকা।

এ প্রসঙ্গে বাংলাদেশের এআইএমএসের প্রধান নির্বাহী ইউয়ার সাঈদ বলেন, ‘পুরো শেয়ার বাজারের মনোযোগ ছিল লঙ্কা বাংলার দিকে। ডিএসইর মূল্যসূচক নেমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে তেমন নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়নি।’

বুধবার লেনদেন শুরু হওয়ার পর সকালের দিকে বাজার আগের দিনের চেয়ে কিছুটা চাঙ্গা থাকলেও দিন শেষে ডিএসই শেয়ারের সার্বিক মূল্যসূচক আট দশমিক শূন্য দুই ভাগ বা দশমিক ৬২ শতাংশ কমে এক হাজার ২৪৩ দশমিক ২৫ এ দাঁড়ায়।

ডিএসইর সাধারণ মূল্যসূচক আট দশমিক ৪৫ ভাগ বা দশমিক ৫৪ শতাংশ কমে আগের দিনের এক হাজার ৫৪১ দশমিক ৬৫ থেকে কমে এক হাজার ৫৩৩ দশমিক ২০ এ দাঁড়ায়।

বুধবার ভালো মানের ডিএসই-২০ শেয়ারের মূল্যসূচক চার দশমিক ৭৬ ভাগ বা দশমিক ৩৬ শতাংশ কমে যায়।

মঙ্গলবার শেয়ার বাজারে ২৬ কোটি ১২ লাখ টাকা লেনদেন হলেও বুধবার তা কমে দাঁড়ায় ২৫ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকায়।

ঈদের পরে বিনিয়োগকারীদের হাতে পর্যাপ্ত অর্থের ঘাটতি থাকায় বাজারে লেনদেন কম ছিল বলে সংশ্লিষ্টরা জানান।

এছাড়া ১২ নভেম্বর থেকে ব্র্যাক ব্যাংকের শেয়ার বাজারে আসার কথা থাকায় বিনিয়োগকারীদের কেউ কেউ ব্যাংকটির প্রাথমিক শেয়ার কেনার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির উন্নতির দিকেও লক্ষ্য রাখছেন তারা।

বুধবার লেনদেনকৃত শেয়ারের মধ্যে ৬২টির দাম বাড়ে, ১১৩টির দাম কমে এবং ২৯টির দাম অপরিবর্তিত ছিল।

দিনের শুরুতে লঙ্কা বাংলার ১০ টাকার শেয়ারের মূল্য প্রথমে দ্বিগুণ অর্থাৎ ২০ টাকায় এবং দিনের শেষে ২২ টাকায় উন্নীত হয়।

আগের দিনে সামিট পাওয়ারের শেয়ার লেনদেনের পরিমাণ ছাড়িয়ে বুধবার লঙ্কা বাংলার ১৬ লাখ ৬ হাজার ৫০০ শেয়ার বিক্রি হয় তিন কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকায়।

মঙ্গলবার সামিটের শেয়ারের দাম বাড়লেও বুধবার তা দুই দশমিক ১৫ শতাংশ নেমে যায়। ডেসকোর শেয়ারের দামও কমে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর শেয়ারের মূল্য পরিস্থিতি ছিল মিশ্র। ইউসিবিএল ও এনবিএলের শেয়ারের দাম বাড়লেও রূপালী, সাউথইস্ট ও পূবালী ব্যাংকের শেয়ারের দাম পড়ে যায়।

বাজারে লঙ্কা বাংলার পরেই অ্যাপেক্স উইভিংয়ের শেয়ারের দাম ছিল চাঙ্গা। এরপরেই ছিল বাংলাদেশ জিপারের অবস্থান।

বিক্রির চাপে কেয়া কসমেটিক্সের শেয়ারের মূল্যসূচক নেমে যায় ১৩ দশমিক শূন্য চার শতাংশ।

এছাড়া মূল্যসূচকের পতনের দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে জার্মান বাংলা ফুড ও মেঘনা পেট।