লিমিটেড কোম্পানী হিসেবে কাজ করছে ডেসা
জোট সরকার তাদের শাসনামলের একেবারে শেষ পর্যায়ে এসে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষকে (ডেসা) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড নামে কাজ শুরু করার জন্য উচ্চপদস্থ চারজন কর্মকর্তাকে নিয়োগ দিয়ে গেছে।
আতাউল মাসুদকে (মহা ব্যবস্থাপক, উত্তর, ডেসা) নবগঠিত কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয়েছে।
এ ছাড়া মো. মনিরুজ্জামানকে (মহা ব্যবস্থাপক, দক্ষিণ, ডেসা) পরিচালক (কারিগরি), শেখ আহমেদ আলীকে (সদস্য, অর্থ) পরিচালক (অর্থ) এবং হাসনাত চৌধুরীকে (অতিরিক্ত পরিচালক, প্রশাসন) কোম্পানী সচিব পদে সাময়িকভাবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ইস্যু করা এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
নাম প্রকাশ না করে ডেসার একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, নবনিযুক্ত এসব কর্মকর্তা নবগঠিত কোম্পানীর লোকবল, অবকাঠামোসহ প্রয়োজনীয় অন্যান্য উপকরণের পরিকল্পনা তৈরি করবেন। তারা আগামী ছয় মাসের মধ্যে এই কাজ শেষ করবে।
সরকার ১৯৯০ সাল থেকেই মূলত দাতাদের চাপে বিদ্যুৎ খাতে সংস্কার পদক্ষেপ চালিয়ে আসছে। ডেসাকে লিমিটেড কোম্পানিতে রূপান্তর করার সর্বশেষ পদক্ষেপ এরই উদাহরণ।
কিন্তু ১৯৯০ সালের পর থেকে ডেসা, ডেসকো এবং পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) গঠন করা হলেও কোম্পানিগুলো এখন পর্যন্ত আশানুরুপ ফলাফল করতে ব্যর্থ হয়েছে।
সূত্র জানায়, পিজেসিবি এবং ডেসকোসহ সরকারি আরো ছয়টি প্রতিষ্ঠানের ধারাবাহিকতায়
ডেসার দক্ষতা বৃদ্ধির জন্য সর্বশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই প্রক্রিয়ার সাথে জড়িত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, নতুন কোম্পানীর অবকাঠামো, জনশক্তি, বেতন কাঠামো এবং পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ইতিমধ্যে একজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।
তিনি আরো বলেন, কর্মচারীদের অব্যাহত প্রতিবাদ সত্বেও দাতারা ঋণের সাথে শর্ত বেঁধে দেওয়ায় সরকার তড়িঘড়ি করে ক্ষমতার মেয়াদের শেষ পর্যায়ে এসে উচ্চ পদস্থ চারজন কর্মকর্তাকে নিয়োগের মাধ্যমে এই প্রক্রিয়া শেষ করতে বাধ্য হয়।
কিন্তু এর আগে প্রত্যক্ষ পর্যবেক্ষণ এবং সরাসরি ব্যবস্থাপনার মাধ্যমে বৃহত্তর ঢাকা অঞ্চলের বিদ্যুৎ ব্যবহারকারীদের উত্তম সেবা নিশ্চিত করার লক্ষ্যে ডেসা গঠন করা হলেও তারা তা করতে কার্যত ব্যর্থ হয়।
ডেসা ১৯৯১ সালে তার কার্যক্রম শুরুর সময় থেকেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে ঋণী ছিলো। সর্বশেষ তাদের ঋণের পরিমাণ তিন শতাধিক কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে বোর্ড সূত্র জানিয়েছে।
উল্লেখ্য বাংলাদেশের মোট জনগোষ্ঠীর মাত্র ২০ শতাংশ বিদ্যুৎ সুবিধা পেয়ে থাকে।
