২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমিতি গঠনের অধিকার পেল বায়িং হাউজগুলো

বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে দেশের তৈরি পোশাক খাতের বায়িং হাউজগুলো সমিতি গঠনের আইনি অধিকার লাভ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজেস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) জয়েন্ট স্টক কোম্পানির অধীনে ১৭ অক্টোবর একটি ব্যবসায়ী সমিতি হিসেবে নিবন্ধিত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

সংগঠনের সভাপতি কাইয়ুম রেজা চৌধুরী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৫ কে বলেন, ‘বাংলাদেশে এই প্রথম ব্যবসায়ীরা সমিতি গঠনের অনুমতি পেল।’ এজন্য তিনি হাইকোর্টের একটি রায়কে স্বাগত জানান।

তিনি বলেন, ‘সমিতি গঠনের ব্যাপারে আমরা হাইকোর্টের রায় পেয়েছি এবং বাণিজ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরের শেষের দিকে এ ব্যাপারে অনুমোদন দিয়েছে।’

বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিতে অসম্মতি জানালে গত আগস্টে বায়িং হাউজগুলো হাইকোর্টে একটি আবেদন করেন।

দেশে বর্তমানে এক হাজারের বেশি বায়িং হাউজ কাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো অভিযোগ করেছে, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বায়িং হাউজগুলোর সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে আইনি অধিকার লাভের বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালায়।

১৯৯৬ সালে নিটওয়্যার পণ্যের রফতানির ক্ষেত্রে বিশেষ ছাড় ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিতর্কের কারণে বিজিএমইএ থেকে বেরিয়ে এসে নিটওয়্যার প্রস্তুতকারকরা নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গড়ে তোলে।

দেশের প্রায় ৬৫০টি বায়িং হাউজ বর্তমানে বিজিএমইএ এর সহযোগী সদস্য। তবে তাদের কোনও ভোটাধিকার নেই বলে সূত্রগুলো জানায়।

তৈরি পোশাক সংক্রান্ত টাস্কফোর্স এবং এমএফএ ফোরামের স্টিয়ারিং কমিটিতে বায়িং হাউজগুলোর কোনও প্রতিনিধি নেই।

বিজিএমইএ এর প্রতিবেদন অনুসারে ২০০৫ সালে বিজিএমইএ এর সহযোগী সদস্য হিসেবে ৬০২টি বায়িং হাউজ ৪৩ লাখ ২৪ হাজার টাকা দিয়েছে।