হজ ফ্লাইটে বিমানের উড়োজাহাজ সংকট, সময়সূচিতে অনিশ্চয়তা
পাঁচ মাস আগে দরপত্র ডেকেও হজ ফ্লাইট পরিচালনায় বাড়তি উড়োজাহাজ পায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে আগে ঘোষিত সূচি অনুযায়ী ২৬ নভেম্বর থেকে হজ ফ্লাইট শুরু করার কথা।
সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের সূত্র মতে, গত বছরের মত এবারও হজ ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন অবশ্য ওরকম সম্ভাবনা উড়িয়ে দিলেন। বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোমেন বলেন, জরুরি ভিত্তিতে উড়োজাহাজ সংগ্রহ করার চেষ্টা চলছে। তিনি বলেন, উড়োজাহাজ ভাড়া পাওয়া না গেলে অন্য এয়ারলাইন্সকে অনুরোধ করা হবে বিমানের হজ ফ্লাইট পরিচালনা করার জন্য।
তিনি জানান, উড়োজাহাজ সংকটের কারণে বিমান নিজস্ব উড়োজাহাজ দিয়েও হজ ফ্লাইট চালাতে পারছে না।
বিমান সূত্র মতে, বিমানের ইতিহাসে হজ ফ্লাইটের জন্য দরপত্র আহ্বান করেও উড়োজাহাজ ভাড়া নিতে না পারা একটি নজির বিহীন ঘটনা। এছাড়া এ বছর বিমান যদি সব হজ ফ্লাইট অন্য এয়ারলাইন্স দিয়ে পরিচালনা করে, সেটিও হবে একটি বিরল দৃষ্টান্ত।
জানা গেছে, বিমান এ বছর দুটি বোয়িং-৭৪৭ দিয়ে হজ ফ্লাইট চালানোর জন্য প্রথম দফায় ২০ এপ্রিল আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। ৫ জুন ছিল দরপত্র জমা দেওয়ার শেষ সময়। বিমান এ জন্য কযেকটি বিদেশি এয়ারলাইন্সের সঙ্গে কথাবার্তা বললেও শেষ পর্যন্ত কোনো উড়োজাহাজ সংস্থার সঙ্গেই ভাড়া সংক্রান্ত চুক্তি করতে পারেনি। গত সেপ্টেম্বরে তারা দুবাই ভিত্তিক লজিস্টিক এয়ারের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছালেও বিমানের কর্মকর্তা-কর্মচারিদের সংগঠন সম্মিলিত সংগ্রাম পরিষদের আপত্তির মুখে পুরোনো ধরনের বোয়িং ৭৪৭-১০০ উড়োজাহাজ ভাড়া নেওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
বিমান সূত্র জানায়, ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর ৪৭ হাজারের বেশি নাগরিক হজ আদায় করতে পারেন। এর মধ্যে অর্ধেক বিমানের এবং বাদবাকী সৌদিয়ার পরিবহন করার কথা। সৌদি এয়ার এরই মধ্যে বিমানকে জানিয়েছে, জনপ্রতি হজ যাত্রীর পরিবহন ভাড়া লাগবে এক হাজার ২০০ মার্কিন ডলার। এ কারণে বিমানকেও এই ভাড়াতেই হজ যাত্রী পরিবহন করতে হবে। কিন্তু হজ যাত্রী পরিবহন করার জন্য বিমান এখনো সৌদিয়ার সঙ্গে কোনো চুক্তি করেনি।
গত বছর বিমান প্রায় ২৫ হাজার হজ যাত্রী পরিবহন করেছিলেন। সেবার জনপ্রতি হাজীর বিমান ভাড়া ছিল এক হাজার ৫০ মার্কিন ডলার। সৌদিয়াও একই ভাড়ায় সমান সংখ্যক হজ যাত্রী পরিবহন করে।
হজ ভাড়া নিয়ে টানা-হেঁচড়ার জের ধরে গত বছর ১৭ নভেম্বর বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মাদ নাছির উদ্দিন গত বছর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
