দিনের শুরুতেই ঢাকার শেয়ার বাজারে চাঙ্গাভাব
লঙ্কা বাংলা ফিন্যান্স বাজারে এসেই বেশ সাড়া পাওয়ায় বুধবার সকালে ঢাকার শেয়ার বাজারে (ডিএসই) চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা সত্ত্বেও বিনিয়োগকারীরা আগের দিনের ক্ষতি পুষিয়ে নিতে পেরেছেন।
মঙ্গলবার বিনিয়োগকারীদের মধ্যে ভালো কোম্পানিগুলোর শেয়ার কেনার দিকে ঝোঁক থাকায় শেয়ার সূচক নেমে যায়।
বুধবার সকাল ১১ টা ২৩ মিনিটে ডিএসইর সার্বিক শেয়ার সূচক পাঁচ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বাড়ে। আগেরদিন এই সূচক দাঁড়ায় ১২৯১ দশমিক ২৮ পয়েন্টে।
ডিএসইর সাধারণ শেয়ার সূচক ছয় দশমিক ৫৭ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৫৪১ দশমিক ৬৫ পয়েন্টে।
সকালে ওই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ দাঁড়ায় পাঁচ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকা। আগেরদিন এই পরিমাণ ছিল ২৬ কোটি ১২ লাখ টাকা।
লেনদেনকৃত শেয়ারের মধ্যে ৮৫টির দাম বাড়ে, ২৬টির দাম কমে এবং ১০টির দাম অপরিবর্তিত ছিল।
লঙ্কা বাংলার প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ধরা হয় ১০ টাকা। প্রথমদিনই এটি লেনদেনের তালিকার শীর্ষে চলে আসে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা। সকালে এর আট লাখ ৩৮ হাজার শেয়ার লেনদেন হয়।
ওই তালিকায় অন্যান্য কোম্পানির মধ্যে ছিল রূপালী ব্যাংক, সামিট পাওয়ার ও ন্যাশনাল ব্যাংক। তবে এর মধ্যে রূপালী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম পড়ে গেলেও সামিট পাওয়ারের দাম বাড়ে।
