পোশাক কারখানা চালু হলেও শ্রমিকের উপস্থিতি কম
রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে বেশিরভাগ কারখানা চালু হলেও শ্রমিকের উপস্থিতি স্বাভাবিক থেকে কম বলে জানিয়েছেন তৈরি পোশাক কারখানার মালিকরা। যদিও রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চলের (ইপিজেড) কারখানাগুলো মঙ্গলবার স্বাভাবিকভাবে চলেছে।
তবে তারা আশা করছেন, আগামীকাল থেকে শ্রমিক উপস্থিতির সংকট আর থাকবে না।
অনুসন্ধানে জানা যায়, অধিকাংশ পোশাক কারখানায় স্বাভাবিক অবস্থার চেয়ে শ্রমিক উপস্থিতি কম থাকার পাশাপাশি মঙ্গলবার পরিবহন ব্যবস্থা চালু হওয়ায় প্রাথমিক কাঁচামালের সংকটে পড়েছে কারখানাগুলো।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ইউডি বিভাগের কর্মকতা এস আলম জানান, শ্রমিক উপস্থিতির হার কম থাকলেও অধিকাংশ কারখানাই মঙ্গলবার চালু হয়েছে ।
তিনি জানান, বিকেএমইএতে নিটওয়্যার কারখানার বিভিন্ন কার্যে আসা কর্মকর্তাদের উপস্থিতিও প্রায় স্বাভাবিক ছিল।
ঈদের বন্ধ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রায় বেশিরভাগ তৈরি পোশাক কারখানা সোমবার পর্যন্ত বন্ধ ছিল। অবশ্য কাজের ওপর নির্ভর করে বেশকিছু কারখানা ঈদের আগেই মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। তবে সপ্তাহ দুয়েকের মধ্যে যেসব প্রতিষ্ঠানের তৈরি পোশাক রপ্তানি করার কথা, রোববার থেকে শুধু এমন শতাধিক প্রতিষ্ঠান চালু ছিল।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি এস এম ফজলুল হক বলেন, পোশাক কারখানাগুলো সম্পূর্ণরূপে চালু করার জন্য বন্দর থেকে দ্রুত মাল খালাস করা প্রয়োজন। দ্রুত মাল খালাস না হলে কারখানাগুলো লীড টাইমের সংকটে পড়বে।
তিনি বলেন, বিভিন্ন কারখানায় এখনও শ্রমিক উপস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেক কম।
টঙ্গী গাজীপুরায় অবস্থিত মোনামি সোয়েটারের বিপণন ব্যবস্থাপক হুমায়ুন কবীর বলেন, ‘কাজের চাপ কম থাকায় আমরা ঈদের আগেই মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলাম। ফলে আমরা কোন সমস্যায় পড়িনি।’
এদিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড) এর মহাব্যবস্থাপক আজিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার ইপিজেড এর ভিতরের কর্মকান্ড স্বাভাবিক অবস্থায়ই চলেছে।
তিনি বলেন, ডিইপিজেডে মঙ্গলবার ৭৭ টি প্রতিষ্ঠান চালু ছিল এবং শ্রমিক উপস্থিতিও স্বাভাবিক হয়ে এসেছে।
