২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক অস্থিরতার মুখে প্রায় শূণ্যের কোঠায় ব্যাংকিং লেনদেন

দেশব্যাপী রাজনৈতিক সহিংসতার কারণে রোববার ব্যাংকিং লেনদেনের পরিমাণ প্রায় শূণ্যের কোঠায় নেমে আসে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ঈদের ছুটির পর পূঁজিবাজারে রোববার থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অচলাবস্থার কারণে তা বন্ধ ছিল।

রাজধানীতে কঠোর নিরাপত্তার মধ্যে ব্যাংকগুলো তাদের শাখা খোলা রাখলেও সীমিত গ্রাহক উপস্থিতির ফলে লেনদেনের পরিমাণ ছিলো খুব কম। অন্যদিকে পূর্ববর্তী দিনের তুলনায় আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে লেনদেনের পরিমাণও ছিলো খুব সামান্য।

এদিকে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং হাউজ ও ক্যাশ বিভাগের লেনদেনেও ব্যাংকগুলো তেমন অংশ নেয়নি। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ছাড় করা চেক ব্যাংকগুলো গ্রহণ করলেও তারা নিজেরা কোন চেক কেন্দ্রীয় ব্যাংকের ক্লিয়ারিং হাউজে জমা দেয়নি।

সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক মোট ৬৫৮টি লেনদেন পত্রের মাধ্যমে রোববার ৪১ কোটি ১৭ লাখ টাকার চেক ছাড় করেছে।

নাম প্রকাশ না করে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সঞ্চয়পত্রের লেনদেন ছাড়া রোববার নগদ টাকার লেনদেন তেমন একটা হয়নি।

রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ ব্যাংকই তাদের শাখা খোলা রাখলেও ঝাঁপ ছিলো বন্ধ। বিকল্প পথে তারা গ্রাহকদের ভেতরে ঢোকার ব্যবস্থা করে।

অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠান, দোকান এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কার্যত বন্ধ ছিলো। এছাড়া এটিএম বুথগুলোতেও গ্রাহক উপস্থিতি ছিলো খুবই কম।

নগরীর মতিঝিলে রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংকের ‘নগদ প্রদান ও স্বল্প মেয়াদী জমা বিভাগে কর্মরত এক কর্মকর্তা জানান, রোববার মাত্র ১২জন গ্রাহক তাদের টাকা উত্তোলন করেছেন। এছাড়া টাকা জমা দেওয়ার কাউন্টারেও ভিড় কম ছিলো।

মতিঝিলের জনতা ব্যাংক কর্পোরেট শাখার একজন কর্মকর্তা জানান, ঈদের পর লেনদেন সাধারণত কম হয়ে থাকে। আর রাজনৈতিক অস্থিরতার কারণে গ্রাহক উপস্থিতি কম হওয়ায় তা আরো কমে গেছে।

এদিকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে কলমানি সুদের হার ৬ দশমিক ৫ শতাংশে স্থিতিশীল ছিলো। এছাড়া মার্কিন ডলারের বিনিময়মূল্য ৬৭ দশমিক ৫০ টাকা থেকে ৬৭ দশমিক ৬০ টাকার মধ্যে উঠানামা করে।