এনরন কেলেংকারির নায়ক স্কিলিংয়ের ২৪ বছরের কারাদণ্ড
কর্পোরেট আমেরিকার সবচেয়ে কলঙ্কজনক ঘটনার নায়ক ‘এনার্জি জায়েন্ট’ বলে বিবেচিত কোম্পানি এনরনের সাবেক প্রধান নির্বাহী জেফরি স্কিলিংকে অর্থ জালিয়াতির অভিযোগে ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার মার্কিন জেলা জজ সিম লেক এই রায় ঘোষণা করে বলেন, স্কিলিংয়ের এই অপরাধের ফলে কয়েক হাজার লোক সারা জীবনের মতো গরীব হয়ে গেছে।
এনরন কেলেংকারিকে কর্পোরেট আমেরিকার সবচেয়ে অন্ধকার যুগ বলে আখ্যায়িত করা হয়ে থাকে।
রায়ে অবশ্য তাকে কারাগারের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। মার্কিন ব্যুরো অব প্রিজন আগামী ৯০ দিনের মধ্যে তাকে রিপোর্ট করতে আদেশ দিয়েছে। এসময় পর্যন্ত তিনি বাড়িতেই থাকবেন এবং তাকে সার্বক্ষণিক মনিটর করা হবে।
এ ছাড়া স্কিলিংকে ৪৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই জালিয়াতির ঘটনায় কোম্পানিটি বন্ধ হয়ে যাওয়ায় বিনিয়োগকারীরা কয়েক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হন।
একসময়ের আমেরিকার কর্পোরেট ব্যবসার উজ্জল তারকা স্কিলিং অবশ্য বিচারকের এই রায়ে ‘হতাশ’ বলে মন্তব্য করেছেন। তার বিরুদ্ধে আনা ১৯টি অপরাধের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন,“ এই রায়ের জন্য আমি মোটেও বিচারককে দোষ দিচ্ছি না। আমার সাংবিধানিক অধিকার আছে আপিল করার এবং আমার বিশ্বাস আমি এতে জয়ী হবো।”
রায় ঘোষণার সময় তাকে কিছুটা বিচলিত দেখাচ্ছিল, তিনি বার বার তার স্ত্রী গ্যালারীতে বসে থাকা রেবেকাকে দেখছিলেন।
গত ২৫ মে স্কিলিং এবং এনরনের প্রতিষ্ঠাতা কেন লে দুজনই অর্থ জালিয়াতির দায়ে অভিযুক্ত হন।
একসময়ে আমেরিকার সপ্তম বৃহৎ কোম্পানি বলে পরিচিত এনরন ওই দুজনের তৎপরতার ফলে দেউলিয়া হয়ে ২০০১ সালের ডিসেম্বরে বন্ধ হয়ে যায়। এই কেলেংকারি তখন পুরো ওয়াল স্ট্রিটকেই কাঁপিয়ে দেয় এবং পরবর্তীতে সবগুলো কোম্পানিই তাদের আর্থিক লেনদেনের সঠিক হিসাব মেলাতে তৎপর হয়।
এ ঘটনায় অপর অভিযুক্ত লে ৬৪ বছর বয়সে গত জুলাইয়ে কলোরাডোতে অবকাশ কাটানোর সময় মারা যান।
রায় ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে স্কিলিং বলেন, এনরনে যা ঘটেছে তার জন্য তিনি খুবই অনুতপ্ত। তবে তিনি কোনো অপরাধ করেননি বলে দাবি করেন। তিনি বলেন, নগদ অর্থ সংকটের কারণেই এনরনের বিপর্যয় ডেকে এনেছিল। বিষয়টি মোকাবিলার মতো যথেষ্ট অর্থ ছিল না কোম্পানির।
স্কিলিংয়ের এটর্নি ড্যানিয়েল পেট্রোসেলি অবশ্য তার মক্কেলের সাত থেকে দশ বছরের কারাদণ্ডের জন্য চেষ্টা চালিয়েছিলেন। তিনি বলেন, স্কিলিং মূলত কারও কোন ক্ষতি করেননি। তিনি কোম্পানি লুটও করেননি। কোন লোভ তাকে প্ররোচিত করেনি।
এ ঘটনায় অভিযুক্ত হন কোম্পানির সাবেক কর্মকর্তা এন্ড্রু ফাস্টোও। তিনি স্বীকার করেছেন, স্কিলিংয়ের নির্দেশে তিনি কয়েক মিলিয়ন ডলার কোষাগার থেকে সরিয়েছিলেন। তাকে দোষী সাব্যস্ত বরে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তবে স্কিলিংয়ের এই সাজার মধ্য দিয়ে কর্পোরেট আমেরিকার অনেক ব্যবসায়ীদের জন্যই একটা সংকেত বহন করছে। অনেকের মতে, এনরনের ঘটনা প্রতীকী। এর মধ্য দিয়ে কর্পোরেট জালিয়াতির অন্য একটা দিক উন্মোচিত হয়ে গেছে। জনগণ তাদের আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলেছে এর মধ্য দিয়ে।
