দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে ৫০ শতাংশ
বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ২০০৫ সালে ৬৯২ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। দেশের টেলি যোগাযোগ, ম্যানুফেকচারিং এবং জ্বালানি খাতে বিনিয়োগ এসেছে সবচেয়ে বেশি।
বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের ওপর আলোকপাত করে সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বিশ্বব্যাপী বিদেশি বিনিয়োগের প্রবণতা বিশ্লেষণ করে প্রণীত ওই প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে কর্মকর্তারা পূর্বাভাস দিয়েছেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে এবং দুর্নীতি দমন ও অবকাঠামো উন্নয়ন করতে পারলে ভবিষ্যতেও দেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণ অব্যাহত রাখতে পারবে।
রাজধানীতে আঙ্কটাড এবং বিনিয়োগ বোর্ড এর যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রেনাটা লক ডিস্যালিয়েন।
তবে এফডিআই সম্পর্কে এ প্রতিবেদনের তথ্যের সাথে ২০০৫ সালে বাংলাদেশ ব্যাংকের এফডিআই সংক্রান্ত তথ্যের মিল নেই।
এ প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী ২০০৫ সালে এফডিআইয়ের পরিমাণ বেড়েছে ৮৫ শতাংশ অর্থাৎ ৮৪৫ মিলিয়ন মার্কিন ডলার।
তথ্য সংগ্রহের সময়সীমার কারণে এ ধরনের পার্থক্য সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, আঙ্কটাড এবং বিনিয়োগ বোর্ড উভয়ই পঞ্জিকা বর্ষ অনুসরণ করলেও জাতিসংঘের প্রতিষ্ঠানটি তথ্য সংগ্রহ করেছে ফেব্র“য়ারিতে এবং কেন্দ্রীয় ব্যাংক তা করেছে জুন মাসে।
তিনি আরও বলেন, ২০০৩ সালে দেশের এফডিআইয়ের অন্তঃপ্রবাহে সুদৃঢ় অগ্রগতি পরিলক্ষিত হয় এবং তখন এফডিআইয়ের প্রবৃদ্ধি ছিল ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার। ২০০৪ সালে এফডিআইয়ের অন্তঃপ্রবাহের এ পরিমাণ ৪৬০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়।
চলতি বছরে এফডিআইয়ের এ অন্তঃপ্রবাহ ১ বিলিয়ন ডলারের কাছাকাছি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে ২০০৫ সালে এফডিআইয়ের প্রবৃদ্ধির হার ছিল ২৯ শতাংশ। এর মধ্যে স্বল্পোন্নত দেশগুলোতে এফডিআইয়ের গড় প্রবৃদ্ধি ছিল ১১ শতাংশ এবং দক্ষিণ এশিয়া তা ছিল ৩৪ শতাংশ।
স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে এফডিআই আকৃষ্ট করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং এক্ষেত্রে চাদ রয়েছে শীর্ষে।
২০০৫ সালে এফডিআই প্রবৃদ্ধির দিক থেকে ভারত ও শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এক্ষেত্রে শীর্ষে রয়েছে পাকিস্তান।
মাহমুদুর রহমান জানান, ওই বছরে বাংলাদেশ ম্যানুফেকচারিং, জ্বালানি এবং বিদ্যুৎ খাতে ৫১ শতাংশ বিনিয়োগ আকৃষ্ট করেছে এবং প্রায় ৩০ শতাংশ পুনঃবিনিয়োগ রয়েছে।
তিনি বলেন, ‘আমরা বিদ্যুৎ সংকট, দুর্বল বন্দর অবকাঠামো, রাজনৈতিক সহিংসতা এবং দুর্নীতিসহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছি। কিন্তু এখনও অনেক অনেক বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পর্যাপ্ত সুযোগ আমাদের রয়েছে। কারণ আমরা কম উৎপাদন খরচ এবং উচ্চ লাভের নিশ্চয়তা দিতে পারি।’
তিনি আরও বলেন, এখন ‘মুহাম্মদ ইউনূস’ একটি ব্যাপার। দেশের স্বার্থরক্ষার নামে রাজপথ দখলের ব্যাপারে তিনি তার বক্তব্যে সতর্ক করে দেন।
তিনি বলেন, ‘ফুলবাড়ীর মতো ঘটনা অথবা গার্মেন্টস খাতের অস্থিরতার বিষয়টি আমাদের অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হবে।’
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি রক্ষণশীল নই, এখন বিশ্বায়নের দুনিয়া...কিন্তু একটি বিষয় নিশ্চিত যে, আমরা দায়িত্বশীল বিনিয়োগ চাই। যে বিনিয়োগের মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি হবে এবং উৎপাদনশীলতা বাড়বে।’
ডিস্যালিয়েন তার বক্তব্যে বাংলাদেশকে ‘অভিনবত্বের দেশ’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি একটি মধ্যপন্থি গণতান্ত্রিক জাতি। এ দেশের একটি উন্মুক্ত বিনিয়োগ নীতি রয়েছে। এফডিআই আকৃষ্ট করার ক্ষেত্রে এ দেশ কেন ভাবমূর্তির সংকটে ভূগবে।’
আমলাতান্ত্রিক স্বচ্ছতা এবং শ্রমিকদের দক্ষতার উন্নয়ন ঘটালে এ দেশ আরও ভালো করবে বলে তিনি জানান।
বাংলাদেশে শিগগিরই এফডিআইয়ের পরিমাণ ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
