মন্ত্রী পরিষদের আগামি বৈঠকে রপ্তানি নীতি চূড়ান্ত হচ্ছে
– মন্ত্রী পরিষদের পরবর্তী বৈঠকে নতুন ত্রিবার্ষিক আমদানি ও রপ্তানি নীতি অনুমোদিত হবে।
রপ্তানি নীতি ২০০৬-০৯ চূড়ান্ত করার লক্ষ্যে মন্ত্রণালয়ে সোমবার অনুষ্ঠিত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা জানান।
সভার একটি সূত্র জানায়, জোট সরকার ২২ অক্টোবর শেষবারের মতো মন্ত্রী পরিষদের বৈঠকে বসবে বলে কথা রয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, মঙ্গলবারের মধ্যে প্রস্তাবিত চূড়ান্ত আমদানি ও রপ্তানি নীতি সম্পর্কে মতামত নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
রপ্তানি নীতিকে আইনি অবয়ব দেওয়ার জন্য রপ্তানি নীতি ২০০৬-০৯ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।
মন্ত্রী বলেন, চলতি রপ্তানি নীতিতে পণ্য ও বাজার বহুমূখীকরণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পণ্যের গুণগত মান উন্নয়ন ও নিশ্চিতকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
তিনি বলেন, দারিদ্র দূরীকরণ কৌশলপত্রের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এবারের রপ্তানি নীতি ব্যাপকভাবে পূণর্গঠন করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবিত নীতিতে শ্রমনির্ভর রপ্তানি পণ্য উৎপাদনে উৎসাহিতকরণের পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।
নারী--পুরুষ বৈষম্য কমিয়ে এনে নারীদের বাণিজ্য প্রসার সংক্রান্ত কর্মকাণ্ডে আরও বেশিহারে সম্পৃক্ত করাই চলতি রপ্তানি নীতির অন্যতম লক্ষ্য।
গতবারের তুলনায় এবারের রপ্তানি নীতিতে বিভিন্ন পণ্যের নমুনা দ্বিগুন সংখ্যায় পাঠানোর কথা বলা হয়েছে। একইসাথে কোন ব্যক্তিকে বাংলাদেশ থেকে ১০০ এর পরিবর্তে ২০০ মার্কিন ডলার মূল্যমানের পণ্য পরিবহনের অনুমতি দেওয়া হচ্ছে।
এছাড়া রপ্তানি সম্পর্কিত যেসব বিষয় সরাসরি বাস্তবায়ন সম্ভব, তা রপ্তানি নীতি আদেশে সন্নিবেশিত হবে। এ আদেশকে সহায়তা দিতে আলাদাভাবে একটি রপ্তানি উন্নয়ন কৌশলপত্রও প্রণীত হয়েছে।
বৈঠকের একটি সূত্র জানায়, চূড়ান্ত রপ্তানি নীতিতে কৃষিজ ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, সিরামিক পণ্য, সফটওয়্যার ও আইটি পণ্য, ফার্মাসিটিক্যালস পণ্য, উচ্চমূল্যের পোশাক, হোম টেক্সটাইল ও অমসৃণ হীরা-- এ নয়টি খাতকে থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করা হচ্ছে। আগের রপ্তানি নীতিতে থ্রাস্ট সেক্টর ছিল পাঁটটি। এছাড়াও আগের ১০টি বিশেষ উন্নয়নমূলক খাতকে বাড়িয়ে ১১টি খাতে নির্ধারণ করা হয়েছে।
রপ্তানী নীতি চুড়ান্তকরণ সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস প্রেসিডেন্ট মীর শাহাবুদ্দিন মোহাম্মদ, ট্যারিফ কমিশনের প্রধান আব্দুল ওহাব ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইলিয়াস আহমেদ।
