খসড়া কয়লা নীতি চূড়ান্ত করতে ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করলেন জ্বালানী উপদেষ্টা
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান জোট সরকারের আমলে খসড়া কয়লা নীতি চূড়ান্ত করতে ব্যর্থতার জন্য সরকারের সিদ্ধান্তহীনতাকেই দায়ী করেছেন।
রোববার ‘জ্বালানি খাতের পাঁচ বছর’ শীর্ষক ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘খসড়া কয়লা নীতি একটি চমৎকার দলিল। এটি এখনই অনুমোদিত হওয়া উচিত। কিন্তু জনগণের সমালোচনার মুখোমুখি হতে হবে বলে সরকার সিদ্ধান্ত নিতে দ্বিধা করছে।’
এমনকি ওই অনুষ্ঠানে তিনি জনগণকে বোঝাতে ব্যর্থ হয়েছেন বলেও স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি তাদের বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি।’
ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোববার এ অনুষ্ঠানের আয়োজন করে। এফইআরবি চেয়ারম্যান মোল্লা আমজাদ হোসেন এতে সভাপতিত্ব করেন।
মাহমুদুর রহমান গত বছরের আগস্টে জ্বালানি উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে জ্বালানি খাতের দুর্নীতি কমিয়ে আনা, গ্যাস খাতের সিস্টেম লস কমিয়ে আনাসহ তার বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করেন। আগামী বছরের ফেব্র“য়ারি পর্যন্ত পেট্রোলিয়ামের পর্যাপ্ত সরবরাহ এবং তেল আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের জন্য তহবিল সংগ্রহের বিষয়টিও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘বিভিন্ন অংশের অপপ্রচারের ফলে খসড়া কয়লা নীতির ব্যাপারে জনগণ সন্দিহান হয়ে উঠেছে এবং এতে করে সরকারের নীতিনির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া ব্যাপারে দ্বিধার সৃষ্টি হয়েছে।’ গণমাধ্যম এই অর্ধসত্যকে উসকে দিয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত এর আগে খসড়া কয়লা নীতির পরীক্ষা--নিরীক্ষা করে দেখেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এ নীতিটি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির পরীক্ষা--নিরীক্ষার অপেক্ষায় আছে।
কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরামর্শ দিয়ে মাহমুদুর রহমান বলেন, গ্যাসের পরিবর্তে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করতে পরবর্তী সরকারের উচিত হবে এ নীতিটি অনুমোদন করা।
আগামী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে গ্যাসের মজুদ শেষ হয়ে যাবে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে তিনি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে ভারত, চীন, কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর দৃষ্টান্ত তুলে ধরেন।
এশিয়া এনার্জির সঙ্গে চুক্তি বাতিলের ব্যাপারে তিনি বলেন, আইন মন্ত্রণালয় তাদের সাথে করা চুক্তির আইনি দিকগুলো খতিয়ে দেখছে।
