স্কপের ধর্মঘটের প্রভাব পোশাক শিল্পে পড়েনি
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আহুত রবিবারের ২৪ ঘন্টার ধর্মঘটের প্রভাব তৈরি পোশাক শিল্পে পড়েনি বলে দাবি করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
তবে কারখানা চালু রাখার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল।
বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হক রবিবার রাতে বিডিনিউজ২৪ডটকমকে জানান, তৈরি পোশাক শিল্পে ধর্মঘটের কোন প্রভাব পড়েনি। বরং তৈরি পোশাক কারখানায় প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে কাজকর্ম হয়েছে।
এক প্রশ্নের জবাবে ফজলুল হক বলেন, নিজস্ব সমস্যা থাকায় কিছু কিছু কারখানায় কজকর্ম বন্ধ রয়েছে। স্কপ নেতারা একে ধর্মঘটের সাফল্য হিসেবে দেখাতে চাইলে আমাদের বলার কিছু নেই।
শ্রমিক স্বার্থবিরোধী নতুন শ্রম আইন ২০০৬ ও মজুরি বোর্ড প্রস্তাবিত গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি বাতিল এবং ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়া হয়। এর প্রতি সমর্থন জানায় গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ। যদিও বিজিএমইএ-এর সঙ্গে সমঝোতা হওয়ায় জাতীয় মঞ্চ তাদের ১৬ অক্টোবরের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
এদিকে স্কপ সমন্বয়ক ওয়াজেদুল ইসলাম বলেন, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা এবং তেজগাঁও এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় কোন কাজকর্ম হয়নি।
উত্তরার এসকে গার্মেন্টস ও নাজ গার্মেন্টসে শ্রমিকরা কাজ করেনি বলে তিনি দাবি করেন।
তবে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সমন্বয়ক জয়নাল আবেদিন ধর্মঘটের কারণে কোন কারখানা বন্ধ ছিল না বলে স্বীকার করেন।
ঢাকা, গাজীপুর, উত্তরা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় স্কপ নেতাকর্মীদের নেতৃত্বে বেশ কয়েকটি খন্ড খন্ড মিছিল বের হয়। তবে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
স্কপ আহুত ধর্মঘটের সময় আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিজিএমইএ নির্বাহী কমিটি সদস্য ও পরিচালকদের নিয়ে এলাকা ভিত্তিক আটটি কমিটি গঠন করে। ধর্মঘট চলার সময় বিভিন্ন এলাকায় এই কমিটিগুলো তৎপর ছিল।
