২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি খাত থেকে বিদ্যুৎ ক্রয় প্রস্তাব অনুমোদন

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি রোববার বেসরকারি খাতে উৎপাদিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের তিনটি প্রস্তাব অনুমোদন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো কবে নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু করতে সক্ষম হবে তা আমি জানি না। কিন্তু বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে সহায়তার জন্য তাদেরকে যথাসম্ভব দ্রুত এটা করা উচিত।

‘এম/এস হোসাফ--সিএমইসি পাওয়ার জেনারেশন কোম্পানি’ চট্টগ্রামের বাড়াবকুন্ডু ও ফেনীতে ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং নওয়াপাড়াতে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে।

এছাড়া  ‘হেলথ, নিউট্রেশন অ্যান্ড পপুলেশন সেক্টর’ কর্মসূচির অধীনে প্রায় ৩৫ কোটি টাকার ১ লাখ ৯০ হাজার ওষুধ সরঞ্জাম ক্রয়ের প্রস্তাবও বৈঠকে অনুমোদন করা হয়।

বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র জানায়, ক্রয় কমিটি বাড়াবকুন্ড কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট ২ দশমিক ৮৬১ টাকা, ফেনী কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট ২ দশমিক ৭৩৬ টাকা এবং নওয়াপাড়া প্লান্ট থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ ২ দশমিক ৭৩৭ টাকায় ক্রয়ের অনুমোদন দিয়েছে।

সাইফুর সাংবাদিকদের বলেন, জরুরি কোন প্রয়োজন না হলে এটাই ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির শেষ বৈঠক।

সূত্র জানায়, ২০০১ সালে চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ক্রয় কমিটির তিন শতাধিক বৈঠক হয়েছে।

তার মেয়াদকালে ক্রয় প্রস্তাবের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম হয়নি বলেও সাইফুর দাবি করেন।

তিনি বলেন, মন্ত্রিসভা কমিটি দাপ্তরিক বিভিন্ন নিয়মনীতি ও সংশ্লিষ্ট বিভাগের পরীক্ষা--নিরীক্ষার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিয়ে থাকে।