২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই--আগস্ট মাসে রপ্তানি আয় বেড়েছে ৩১ শতাংশ

বাংলাদেশের মোট রপ্তানি আয়ের পরিমাণ জুলাই--আগস্ট সময়ে গত বছরের এই সময়ের তুলনায় ৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩০ কোটি ডলার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ই্পিবি) রোববার এ তথ্য জানায়।

ইপিবি সূত্র জানায়, ওভেন ও নিট উভয় তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ের উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কারণে মোট রপ্তানি আয়ের পরিমাণও বেড়েছে। জুলাই--আগস্ট সময়ে এই উভয় খাতের রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১৮০ কোটি ডলার, যা মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ।

চলতি বছরের জুলাই--আগস্ট সময়ে ওভেন গার্মেন্টস রপ্তানি আয় কোটামুক্ত সময়ে প্রথমবারের মত ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯১ কোটি ডলার। নিটওয়ার পণ্য রপ্তানি ধারাবাহিকভাবে উচ্চ প্রবৃদ্ধি বজায় রেখেছে। এ দুই মাসে রপ্তানি আয় ৩৬ শতাংশ বেড়েছে। নিটওয়ার পণ্য আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯০ কোটি ডলার।

ইপিবির পরিসংখ্যান বিভাগের এক কর্মকর্তা বলেন, গত এক দশকের মধ্যে আগস্ট মাসে রপ্তানি বেড়েছে সর্বোচ্চ, যা ৩৬ শতাংশের চেয়েও বেশি।

তিনি বলেন, ‘২০০৬ সালের অক্টোবর থেকে তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি গুরুত্বের সাথে বিবেচনা করে দেখা হচ্ছে। অক্টোবর মাস ও তার পরবর্তী সময়ে এই প্রবৃদ্ধির ওপরই নির্ভর করবে সামগ্রিক রপ্তানির স্থিতিশীলতা।    

ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র চীনের বেশ কিছু বস্ত্র পণ্যের ক্ষেত্রে কোটা আরোপের পর ২০০৫ সালের অক্টোবর মাস থেকে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় উচ্চ হারে ক্রমাগত বেড়েছে। যদিও কোটামুক্ত ২০০৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই আয় ক্রমাগত হ্রাস পেতে দেখা গেছে।

রপ্তানি আয়ের তথ্য থেকে দেখা যায়, এই দু মাসে গত বছরের একই সময়ের তুলনায় কেমিক্যাল পণ্য, চা, ইলেক্ট্রনিকস পণ্য, সবজি এবং তামাক ছাড়া সকল রপ্তানি পণ্যের আয় বেড়েছে।

এ বছরের জুলাই--আগস্ট সময়ে গত অর্থবছরের একই সময়ের তুলনায় হোম টেক্সটাইল, টেক্সটাইল ফেব্রিক্স, কাঁচা পাট, বাই--সাইকেল এবং মেলামাইন পণ্যের রপ্তানি আয় ৭০ শতাংশের চেয়ে বেশি বেড়েছে।

হিমায়িত খাদ্য এবং চামড়ার ক্ষেত্রে রপ্তানি আয় ১৪ শতাংশ এবং ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৪০ কোটি ডলার এবং ৫ কোটি ডলার।

এ দু’মাসে মোট রপ্তানির পরিমাণ সূচক বেড়েছে ২৯ শতাংশ, অন্যদিকে মূল্য সূচক বেড়েছে প্রায় দুই শতাংশ।