তিন দিন পর শেয়ার বাজারে আবারও মন্দাভাব
টানা তিন দিন উর্ধ্বমুখী থাকার পর বৃহস্পতিবার ঢাকার শেয়ার বাজারে মন্দাভাব দেখা দিয়েছে। অল্প সময়ে লাভবান হওয়ার আশায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশি পরিমাণে শেয়ারের লেনদেন করলেও বাজারের মন্দাভাব কাটেনি।
দিনশেষে ডিএসই শেয়ারের সার্বিক মূল্যসূচক আগের দিনের তুলনায় ১০ দশমিক ২৯ পয়েন্ট অর্থাৎ দশমিক ৭৮ শতাংশ কমে দাঁড়ায় এক হাজার ৩০৩ টাকা ৮০ পয়সায়।
ডিএসই শেয়ারের সাধারণ মূল্যসূচক ছিল এক হাজার ৫৫৭ টাকা ২০ পয়সা। আগের দিনের তুলনায় তা ১২ দশমিক শুন্য চার পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ কমে যায়। বুধবার এর পরিমাণ ছিল এক হাজার ৫৬৯ টাকা ২৫ পয়সা।
ডিএসই--২০ এর শেয়ারের মূল্যসূচক আগের দিনের তুলনায় ছয় দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ কমে দাঁড়ায় এক হাজার ৩১১ টাকা ৬৫ পয়সায়।
দিনশেষে শেয়ারের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৩ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকায়। আগের দিন এই পরিমাণ ছিল ২৮ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা।
বৃহস্পতিবার দিনশেষে লাভ করে ৩৮টি এবং লোকসান দেয় ১৩১টি কোম্পানি। ২৫টি কোম্পানির শেয়ারের মূল্যসূচক অপরিবর্তিত ছিল।
লেনদেনের দিক থেকে তালিকার শীর্ষে ছিল বেক্সটেক্স, এবি ব্যাংক, রূপালী ব্যাংক ও পূবালী ব্যাংক। এর মধ্যে বেক্সটেক্সের এক কোটি ৮৪ লাখ ৬০ হাজার টাকার মোট সাত লাখ ৪৫ হাজার ৪০০টি শেয়ার লেনদেন হয়। তবে এর শেয়ারের দাম ৩০ পয়সা বা এক দশমিক ২২ শতাংশ কমে দাঁড়ায় ২৪ টাকা ৩০ পয়সায়। এবি ব্যাংক ও রূপালী ব্যাংকের দাম কমে গেলেও পূবালী ব্যাংকের শেয়ারের দাম বাড়ে।
এদিকে পিজিসিবির শেয়ারের দাম ৫০ পয়সা কমে দাঁড়ায় ২৪৯ টাকা ৫০ পয়সায়। সারাদিনে এর ৫৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২২ হাজার ৪০০টি শেয়ারের লেনদেন হয়।
লাভজনক মূল্যে শেয়ার বিক্রির দিক থেকে শীর্ষে ছিল অল টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ম্যাক পেপার ও মেঘনা শ্রিম্প। অন্যদিকে সবচেয়ে বেশি লোকসানে বিক্রি হয়েছে মেঘনা পেট, জার্মান বাংলা ফুড ও বিথ হ্যাচারির শেয়ার।
বিনিয়োগকারীরা জানান, বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ক্ষমতাসীন ও বিরোধী দলের সংলাপের ফলাফলের ‘অপেক্ষায়’ থাকায় শেয়ার বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক জিয়াইল হক তালুকদার গত বছরের উদাহরণ দিয়ে বলেন, রমজান মাসে শেয়ার বাজারে মন্দাভাব দেখা দেয়।
