২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমই ঋণ গ্রহণকারী ব্যাংকগুলোর সুদের হার পর্যালোচনা করবে বাংলাদেশ ব্যাংক

সরকারের ক্ষুদ্র উদ্যোগ তহবিল (এসইএফ) থেকে পাঁচ শতাংশ হার সুদে অর্থ নিয়ে উচ্চ সুদে ধার দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক পর্যালোচনা করে দেখবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মঙ্গলবার এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের অধীনে এসইএফ থেকে অর্থপ্রাপ্ত ব্যাংকগুলোর ধার নেওয়া ও ধার দেওয়ার মধ্যে যে ব্যাপক পার্থক্য তা কমিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছি।’

বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ উন্নয়ন সংক্রান্ত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে গভর্নর এ তথ্য প্রকাশ করেন। অর্থনৈতিক সাংবাদিক ফোরাম (ইআরএফ) ঢাকা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ইআরএফ সভাপতি জাকারিয়া কাজল এতে সভাপতিত্ব করেন।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) বিকাশে সরকার পৃথক একটি এসএমই নীতিমালা গ্রহণ করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়। এসএমই নীতিমালায় সারা দেশে ই-গভর্নেন্স ও শিল্প পার্ক এবং ক্ষুদ্র উদ্যোগ তহবিল ও এসএমই ফাউন্ডেশন (এসইএফ) গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আইয়ুব মিয়া এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম  অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর স্বীকার করেন যে, বাংলাদেশ ব্যাংকের কাছ ব্যাংকগুলো পাঁচ শতাংশ হার সুদে অর্থ নিয়ে উচ্চ সুদে ঋণ দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে তাদের সুদের হার ২০ শতাংশেরও বেশি।

গত অর্থবছরের মাঝামাঝি সময়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ উন্নয়নের লক্ষ্যে ঋণ বিতরণে ব্যাংকগুলোকে উৎসাহী করতে সরকার ১০০ কোটি টাকার একটি এসএমই পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে। বর্তমানে এ তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ২০০ কোটি টাকা।