ইরানে পাটজাত পণ্য রপ্তানি বৃদ্ধি, চা একেবারে বন্ধ
বর্তমান সরকারের পাঁচ বছরে ইরানে পাটজাত পণ্য রপ্তানি বৃদ্ধি পেলেও চা রপ্তানি একেবারেই বন্ধ হয়ে গেছে। তবে ইরানে অন্যান্য পণ্যের রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ বেহেশতি মোনফারেদ মঙ্গলবার বাণিজ্য ও পানি সম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহমদের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করলে এ বিষয়ে আলোচনা হয়।
এ সময় হাফিজউদ্দিন দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করে তোলার পাশাপাশি বাণিজ্যের পরিমান বৃদ্ধির আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় আর্সেনিক ও দূষণমুক্ত পানি সরবরাহে তেহরানে অবস্থিত ইউনেস্কোর সহযোগী প্রতিষ্ঠান রিজিওনাল সেন্টার ফর আরবান ওয়াটার ম্যানেজমেন্টের (আরসিইউডব্লিউএম) আর্থিক ও কারিগরি সহায়তা কামনা করা হয়। প্রতিষ্ঠানটি শহরকেন্দ্রিক দূষণমুক্ত পানি সরবরাহের কাজ করে থাকে।
বৈঠকে উপস্থাপিত তথ্য উপাত্তে দেখা যায়, ২০০৪-০৫ অর্থবছরে ইরান বাংলাদেশ থেকে ৪৮ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের পাটজাত পণ্য, পাট, রাসায়নিক দ্রব্যাদি, নিটওয়্যার ও ওভেন গার্মেন্টস সামগ্রী আমদানি করেছে।
একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে প্রায় ২৩ দশমিক ৪১ মিলিয়ন ডলারের সবজিজাত পণ্য, খনিজ দ্রব্য, প্লাস্টিক সামগ্রী, টেক্সটাইল, বেজ মেটাল ও মেশিনারিজ।
এতে বলা হয়, ২০০০-০১ অর্থবছরে ইরানে বাংলাদেশ এক দশমিক ১৪ মিলিয়ন ডলারের চা রপ্তানি করে, যা পরের বছরই তিন দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়। এরপর থেকে ইরানে বাংলাদেশী চা রপ্তানি কমতে শুরু করে, যা ২০০৩-০৪ অর্থবছরে দশমিক ০৪ মিলিয়ন ডলার এবং এর পরের বছর পূরোপুরি বন্ধ হয়ে যায়।
