২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা শেয়ার বাজারে রাজনৈতিক হাওয়া

প্রধান দুই দলের সংলাপে বসার সিদ্ধান্তে দেশের বিনিয়োগকারীদের মনে কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে। তারই প্রভাব পড়েছিল বৃহস্পতিবারের ঢাকা শেয়ার বাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 01:36 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

গত তিনদিনে শেয়ার বাজারে যে ধস নেমেছিল তা আজ কিছুটা চাঙ্গা হয়ে উঠে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সংলাপে বসার কারণে।

ব্যবসায়ীদের মতে, এই সংলাপের কারণে দুই দলের মতবিরোধ কিছুটা হলেও কমে আসবে।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক খোন্দকার বলেছেন,  ক্ষমতাসীন ও  বিরোধী দলের মধ্যে সংলাপের কারণে শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব লক্ষ করা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক (ডিএসআই) সকাল ১১টা ৫৫ মিনিটে আগের দিনের ১২৫২ দশমিক ৩৭ থেকে ১৩ দশমিক ৫৪ পয়েন্ট অথবা এক দশমিক ০৮ শতাংশ বৃদ্ধি পায়।

এ ছাড়া সাধারণ সূচকও আজ সকালের ওই সময়সীমার মধ্যেই বেড়েছে ১৩ দশমিক ৬৩ পয়েন্ট অথবা দশমিক ৯০ শতাংশ। বুধবার দিনশেষে যা ছিল ১৫১২ দশমিক ১২।

অন্যদিকে সকালেই মোট লেনদেন দাঁড়ায়  ৯ দশমিক ১ কোটি টাকা। অথচ বুধবার দিনশেষে এর পরিমাণ ছিল ৩৯ দশমিক ৩৮ কোটি টাকা।

পূবালী ব্যাংক, ডেসকো, রুপালী ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক লেনদেনের শীর্ষে ছিল। 

ডিএসই-২০ এর অন্তর্ভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক ও উত্তরা তাদের শীর্ষ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। দরপতনের দিক দিয়ে ইসলামী ব্যাংক, স্কার ফার্মা ও বিওসি বাংলাদেশ সবচেয়ে নিচের দিকে অবস্থান করছিল।