২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআরজিএফের মেয়াদ বাড়াতে সরকারকে আইএমএফের অনুরোধ

দারিদ্র বিমোচনে প্রবৃদ্ধিগত সহায়তা (পিআরজিএফ) কার্যক্রম আরও ছয় মাস বাড়াতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ওই কার্যক্রমের আওতায় প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের জন্য আইএমএফ এ অনুরোধ জানায়।

গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এ অনুরোধ জানানো হয় বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। গত মাসে ঢাকায় আইএমএফের একটি প্রতিনিধিদলের সফরের ফলাফলের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

‘মেমোরেন্ডাম অফ ইকনমিক এন্ড ফিন্যান্সিয়াল পলিসিস (এমইএফপি) ফর ২০০৬-০৭’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, পিআরজিএফের আওতায় প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে আমরা ওই কার্যক্রমের মেয়াদ ছয় মাস বাড়িয়ে ডিসেম্বর ২০০৬ এর পরিবর্তে জুন ২০০৭ পর্যন্ত অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।

আইএমএফ ২০০৩ সালের জুন মাসে বাংলাদেশের জন্য ৪৯ কোটি ৩০ লাখ ডলারের তিন বছর মেয়াদী পিআরজিএফ কার্যক্রম অনুমোদন করে। চুক্তি অনুযায়ী ২০০৬ সাল পর্যন্ত পিআরজিএফের মাধ্যমে আইএমএফের বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে সহায়তা দেওয়ার কথা। সংস্থাটি বাংলাদেশকে দেয় সাত কিস্তির মধ্যে ইতোমধ্যেই পাঁচ কিস্তির টাকা দিয়েছে।

তবে গত জুলাই মাসে পিআরজিএফের ষষ্ঠ কিস্তির আট কোটি ডলার প্রদানের কথা থাকলেও তা স্থগিত করা হয়। সরকার তাদের শর্ত অনুযায়ী জ্বালানি ও রাজস্ব খাতে সংস্কার বাস্তবায়ন না করায় আইএমএফ কিস্তির ওই অর্থ প্রদান স্থগিত করে। 

পিআরজিএফ কার্যক্রমের জন্য প্রতিশ্র“ত অর্থের মধ্যে প্রায় সাড়ে সাত কোটি ডলার আইএমএফের ট্রেড ইন্টিগ্রেশন মেকানিজমের (টিআইএম) আওতায় কোটা ব্যবস্থা বাতিল পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সহায়তা হিসেবে দেওয়া হয়।

উল্লেখ্য, মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্টের (এমএফএ) আওতায় ২০০৪ সালের ডিসেম্বর মাস থেকে কোটা ব্যবস্থা বাতিল হয়।    

থমাস রুমবফের নেতৃত্বে আইএমএফর একটি প্রতিনিধিদল গত মাসে ঢাকা সফর করে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অর্জন ও চলমান সংস্কার কার্যক্রম মূল্যায়ন করে। এর ওপর ভিত্তি করে তারা ওই প্রতিবেদনটি তৈরি করেন। এতে রাষ্ট্রায়ত্ব কল--কারখানার লোকসান কমাতে সরকারকে পেট্রোলিয়াম জাতীয় পদার্থের দাম বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে এ জাতীয় পদার্থ আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে বিক্রি হয়।

আইএমএফ রাষ্ট্রায়ত্ব সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংককে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্যও চাপ দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ষষ্ঠবার পর্যালোচনার সময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত অর্জন ও উল্লেখযোগ্য অগ্রগতির ক্ষেত্রে আর্থিক, রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক ও জ্বালানি খাতের সংস্কারের ওপর নজর দেওয়া হবে।