কারখানা বন্ধের ব্যাপারে শেয়ারহোল্ডারদের অন্ধকারে রেখেছে আশরাফ টেক্সটাইল: ডিএসই
অধিকাংশ শেয়ারহোল্ডারকে অন্ধকারে রেখেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত আশরাফ টেক্সটাইল গত মার্চ মাসে তাদের কারখানা বন্ধ করে দিয়েছে। সম্প্রতি ডিএসইর এক তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে।
ডিএসইর ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি আশরাফ টেক্সটাইল মিলস লিমিটেড গত ১৪ মার্চ বন্ধ করে দেওয়া হয় এবং ওই সময় প্রায় দুই হাজার কর্মচারীকে তথাকথিত গোল্ডেন হ্যান্ডশেকে বাধ্য করে বিদায় দেওয়া হয়।
কিন্তু শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে এই আশংকায় আশরাফ টেক্সটাইলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শেয়ারহোল্ডারদের কাছে এই তথ্য গোপন রাখে।
কোম্পানিটির শেয়ার লেনদেন এখনও চলছে। তবে সম্প্রতি এর শেয়ারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ডিএসই কোম্পানিটির বর্তমান অবস্থা সম্পর্কে তদন্তের উদ্যোগ নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর এক কর্মকর্তা বিডিনিউজ২৪ডটকমকে বলেন, কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আমাদের শুধু এটুকু জানায় যে কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য জমি বিক্রির ব্যাপারে শেয়ারহোল্ডারদের অনুমোদন রয়েছে। চলতি বছর ১৭ জানুয়ারি এক বর্ধিত সাধারণ সভায় এ ব্যাপারে অনুমোদন নেওয়া হয় বলে আমাদের জানানো হয়।
ডিএসইর তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘আমরা কারখানাটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পাই। কয়েকজন নিরাপত্তাকর্মী ছাড়া কারখানার কোন শ্রমিককে দেখা যায়নি। নিরাপত্তাকর্মীদের তথ্য অনুযায়ী ১৪ মার্চ বন্ধ করে দেওয়ার আগে কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কর্মরত ছিল।’
কারখানায় মোট পাঁচটি প্রোডাকশন ইউনিটের মধ্যে তিনটি ইউনিট মার্চে বন্ধ করে দেওয়া হয়। বাকি দুটির একটি তিন বছর এবং অন্যটি পাঁচ বছর আগে বন্ধ করে দেওয়া হয়।
বন্ধ হয়ে যাওয়া কোম্পানিটির এক পরিচালক আজিজ আহমেদকে উদ্ধৃত করে ডিএসইর তদন্ত প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ সব যন্ত্রপাতি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেও কারখানার মোট মূল্য নির্ধারণে ব্যর্থ হয়।’
টঙ্গি সেতুর খুব কাছেই ৪৮ বিঘা জমির ওপর এ কারখানাটি স্থাপিত হয়েছিল। একটি সুপার মার্কেট স্থাপনের জন্য মোট জমি থেকে চার বিঘা ইতোমধ্যেই এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।
আজিজ আহমেদের বক্তব্য অনুসারে ডিএসই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ শিল্পঋণ সংস্থার (বিএসআরএস) কাছে বন্ধক রাখা জমিটি বিক্রির জন্য কারখানা কর্তৃপক্ষ রূপালী ব্যাংক ও ওই ক্রেতার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
জমিটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ কোটি টাকা। এর মধ্যে ২০ কোটি টাকা ক্রেতা প্রথম দফায় ইতোমধ্যেই কারখানা কর্র্র্তৃপক্ষকে পরিশোধ করেছেন।
প্রাপ্ত টাকার মধ্যে ১০ কোটি শ্রমিকদের বকেয়া বাবদ এবং বাকি টাকায় বিএসআরএস ও রূপালি ব্যাংকের শ্রেণীকৃত ঋণ পরিশোধ করা হয়েছে।
কারখানাটি বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ আলী মৃধা বিডিনিউজ২৪ডটকমকে জানান, সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা শেয়ার কোম্পানি আবারও কিনে নেবে।
তবে কারখানা বিক্রির কথা কেন তারা গোপন করেছেন তিনি তার ব্যাখ্যা দেননি।
মোট সাড়ে ১০ কোটি টাকা পরিশোধিত মূলধন দেখিয়ে ১৯৮৩ সালে আশরাফ টেক্সটাইল ডিএসইর তালিকাভুক্ত হয়। এর মোট শেয়ারের মধ্যে সাধারণ শেয়ার ৪৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক শেয়ার ৩২ শতাংশ এবং সরকারির শেয়ার এক শতাংশ। স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ারের পরিমাণ ২৩ শতাংশ।
