২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব ক্ষুদ্রঋণদান প্রতিষ্ঠানকে ২৬ ফেব্র“য়ারির মধ্যে লাইসেন্সের জন্য আবেদন করার নির্দেশ

দেশের ক্ষুদ্রঋণ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নবগঠিত ‘মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) রোববার সব ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠানকে আগামী ২৬ ফেব্র“য়ারির মধ্যে লাইসেন্সের জন্য আবেদন করার নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা বোর্ডের প্রথম বৈঠক শেষে এমআরএ চেয়ারম্যান ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ক্ষুদ্রঋণদান ব্যাবসায় জড়িত যে কোন প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই আবেদন করতে হবে। এটা তাদের প্রত্যেকের জন্যই বাধ্যতামূলক।

উল্লেখ্য, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অ্যাক্ট (এমআরএ) ২০০৬ অনুযায়ী, সরকার এমআরএ গঠন করে। বিচ্ছিন্নভাবে বেড়ে ওঠা ক্ষুদ্রঋণদান প্রতিষ্ঠানগুলোকে একটি নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আনার উদ্দেশ্যে এটা গঠন করা হয়। বর্তমানে দেশে প্রায় ২ হাজার ক্ষুদ্রঋণদান প্রতিষ্ঠান কাজ করছে।  

গত ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়া এমআরএ-২০০৬ অধ্যাদেশে সব ক্ষুদ্রঋণদান প্রতিষ্ঠানকে ছয় মাসের মধ্যে লাইসেন্সের জন্য আবেদন করতে বলা হয়েছে।

এই রেগুলেটরি কর্তৃপক্ষ লাইসেন্স প্রদান, ক্ষুদ্রঋণদান প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তত্তাবধান এবং ঋণ গ্রহণকারী ও সঞ্চয়কারীদের স্বার্থ সুরক্ষা করবে। এছাড়া কর্তৃপক্ষ এসব প্রতিষ্ঠান-আরোপিত উচ্চসুদের হারের দিকেও লক্ষ্য রাখবে এবং এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে।

যেসব প্রতিষ্ঠান বিভিন্ন আইন ও অধ্যাদেশের অধীনে যেমন সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট--১৮৬০, দ্য ট্রাস্ট অ্যাক্ট--১৮৮২, দ্য ভলেন্টিয়ারি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাজেন্সিজ (রেজিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল) অধ্যাদেশ--১৯৬১, কো--অপারেটিভ সোসাইটি অ্যাক্ট-২০০১ এবং কোম্পানী আইন—১৯৯৪ এর আওতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্ষদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে তাদের সকলকে নতুন রেগুলেটরি কর্তৃপক্ষের কাছে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।

লাইসেন্সের জন্য আবেদন পত্রে এই প্রতিষ্ঠানগুলোকে তাদের আর্থিক অবস্থা, ব্যাবস্থাপনা সক্ষমতা, কার্যক্রমভূক্ত এলাকা, সদস্য সংখ্যা এবং তহবিলের উৎস সর্ম্পকিত তথ্য সরবরাহ করতে হবে।

এমআরএ চেয়ারম্যান সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সকল প্রতিষ্ঠানকে লাইসেন্সের জন্য আবেদন করার আহ্বান জানিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে অবস্থিত রেগুলেটরি কর্তৃপক্ষের বর্তমান কার্যালয়ে আগামী ১লা নভেম্বর থেকে আবেদনপত্র পাওয়া যাবে। প্রতিটি ফরমের মূল্য ৫০০ টাকা।

এছাড়া ক্ষদ্রঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স ফি এবং বার্ষিক নবায়ন ফি জমা দিতে হবে। এ বিষয়ে তিনি বলেন, তবে এখন পর্যন্ত আমরা ফির পরিমাণ নির্ধারণ করিনি। এটা পরবর্তিতে নির্ধারণ করা হবে।

রেগুলেটরি পরিচালনা বোর্ডের অপর সদস্যরা হলেন অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, এনজিও বুরোর মহাপরিচালক সিকিউকে মোস্তাক আহমেদ, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যাবস্থাপনা পরিচালক ফকরুদ্দিন আহমেদ ও বাংলাদেশ ইন্সস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এর গবেয়ণা পরিচালক রুশিদান ইসলাম রহমান।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এবং এমআরএ ভাইস-চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক রেগুলেটরি বোর্ডের সদস্য সচিব হিসেবে কাজ করবেন।

এছাড়া বৈঠকে পিকেএসএফ এর উপ-ব্যাবস্থাপনা পরিচালক মোশারফ হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কারিগরী কমিটি গঠন করা হয়। এই কমিটি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সুপারিশ পেশ করবে।

পিকেএসএফ এর ব্যাবস্থাপনা পরিচালক ফকরুদ্দিন আহমেদ বলেন, এমআরএ এর অধীনে এমএফআই প্রতিষ্ঠানগুলোর জন্য লাইসেন্স নিশ্চিতকরণ এই খাতে শৃঙ্খলা আনতে সহায়তা করবে। কারণ এর আগে এমএফআই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকির জন্য কোন নীতিমালা ছিলো না।