উচ্চ শুল্কহার ও বিমান যোগাযোগের অভাবে শ্রীলঙ্কায় রফতানি ব্যাহত
বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী মঙ্গলবার বলেছেন, উচ্চ শুল্কহার ও সরাসরি বিমান যোগাযোগের অভাবে শ্রীলঙ্কায় বাংলাদেশী পণ্যের রফতানি ব্যাহত হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন চৌধুরী বলেন, শ্রীলঙ্কায় বাংলাদেশের প্লাস্টিক, হালকা যন্ত্রপাতি, মেলামাইন সামগ্রী, তার, খাদ্যসামগ্রী, প্রসাধনী ও টয়লেট্রিজ, বাসনকোসন ও চামড়া রফতানিতে ৪০ থেকে ৭৫ শতাংশ আমদানি শুল্ক দিতে হয়। এতে বাংলাদেশের রফতানি ব্যাহত হচ্ছে।
জানুয়ারির ২০ থেকে ২৩ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বাংলাদেশী পণ্যের চার দিনব্যাপী একক বাণিজ্যমেলায় অংশগ্রহণকারী রফতানিকারকদের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, তাৎক্ষণিকভাবে ও পরবর্তীতে রফতানির জন্য বাংলাদেশ ৪৯ কোটি টাকার রফতানি অর্ডার লাভ করেছে।
বাণিজ্যমেলায় বাংলাদেশের ৪৪ টি কোম্পানি ১৭ ধরনের পণ্য প্রদর্শন করে।
বাংলাদেশের এসব পণ্যের মধ্যে ওষুধ, শাড়ি, রেশমজাত সামগ্রী, তৈরি পোশাক, গৃহসামগ্রী, হস্তশিল্প পণ্য, হালকা যন্ত্রপাতি, ব্যাটারি, পাটজাত পণ্য, কৃষিপণ্য, খাদ্য সামগ্রী, প্রসাধনী ও সিরামিক পণ্য।
বাংলাদেশের হীরা শিল্প, অলঙ্কার, কৃষি, চমড়া, ব্যাংক ও আইসিটি খাতের বিনিয়োগের জন্য শ্রীলঙ্কার ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বলে মন্ত্রী জানান।
তিনি এ ব্যাপারে শ্রীলঙ্কার বাণিজ্যমন্ত্রী জয়রাজ ফার্নান্দোপুলের সাথে আলাপ করেছেন বলেও জানান। এছাড়া মেলা চলাকালে তিনি শ্রীলঙ্কার বেশ কয়েকজন মন্ত্রী, সাংসদ, চেম্বার নেতা ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথেও আলাপ করেন।
কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় রফতানি উন্নয়ন ব্যুরো কলম্বোতে এক্সিবিশন অ্যান্ড কনভেশন সেন্টারে চার দিনব্যাপী এ বাণিজ্যমেলার আয়োজন করে।
এছাড়া কলম্বোতে বাংলাদেশ হাইকমিশন ‘বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যান জাকির হোসেন ও ভাইস চেয়ারম্যান মীর সাহাবউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
