চলতি অর্থবছরে মাছের রপ্তানি কমেছে ৬ দশমিক ২৫ শতাংশ
চলতি অর্থবছরের অক্টোবর মাস পর্যন্ত ১৬৮ দশমিক ৮৮ মিলিয়ন ডলারের মাছ রপ্তানি করা হয়েছে। যা এর গত অর্থবছরের তুলনায় ছয় দশমিক ২৫ শতাংশ কম।
গত অর্থবছরের একই সময়ে মাছ রপ্তানি বাবদ আয় হয়েছে ১৮০ দশমিক ১৪ মিলিয়ন ডলার।
সোমবার সাংসদ রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী একথা বলেন।
তিনি জানান, মাছ রপ্তানি বৃদ্ধির জন্যে রপ্তানিকারকদের সাথে ১০ শতাংশ নগদ সহায়তা ও সাত শতাংশ হারে ব্যাংক ঋণ দেওয়া হচ্ছে।
এমএ হাসেমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রপ্তানি আয় বৃদ্ধির জন্য রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন হারে নগদ সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ খাতে ১০, বাইসাইকেল খাতে ১৫ শতাংশ, কৃষিজাত পণ্য খাতে ২০ থেকে ৩০, বস্ত্রখাতে পাঁচ, পাটজাত পণ্য খাতে সাত দশমিক পাঁচ, চামড়াজাত পণ্য খাতে ১৫, আলু খাতে ২০, হস্তশিল্প খাতে ১৫ থেকে ২০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হয়।
হেলালুজ্জামান তালুকদার লালুর এক প্রশ্নে জবাবে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখতে বিভিন্ন পণ্যের শুল্ককর এক দশমিক পাঁচ থেকে দুই শতাংশ কমানো হয়েছে।
মিজানুর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত সাত দশমিক ৮১ মিলিয়ন ডলারের ওষুধ রপ্তানি করা হয়েছে।
