২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সংকট নিরসনে পাবনায় অস্থায়ী তেল ডিপো স্থাপন করা হচ্ছে

উত্তরাঞ্চলের জ্বালানি তেল সংকট নিরসনকল্পে রোববার পাবনার কাজিরহাটে অস্থায়ী তেল ডিপো ও পল্টুন স্থাপন করা হচ্ছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 09:09 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে উত্তরাঞ্চলের বৃহৎ নৌবন্দর বাঘাবাড়ীর সাথে দেশের সকল বন্দরের নৌ--যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি তেলের এ সংকট সৃষ্টি হয়েছে। ১২ দিন ধরে পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলায় জ্বালানি তেল ও সারসহ বিভিন্ন পণ্য বোঝাই প্রায় ৫৫টি জাহাজ আটকা পড়ে আছে। আর এ কারণেই উত্তরাঞ্চলে প্রায় এক সপ্তাহ ধরে ডিজেল, পেট্রোল ও অকটেনশূন্য হয়ে পড়েছে।

বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং বিপিসি’র যৌথ উদ্যোগে জরুরি ভিত্তিতে তেল ডিপো ও পল্টুন স্থাপন করা হচ্ছে।

পল্টুনের মাধ্যমে জাহাজ থেকে তেল খালাস করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।

ডিপো ও পল্টুন স্থাপনের ব্যাপারে বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান শিমুল বিশ্বাস বিডিনিউজকে জানান, উত্তরাঞ্চলে ১৬ জেলায় জরুরী পরিবহনের জন্যে রোববার ১১টায় কাজীরহাটে পল্টুন বসিয়ে অস্থায়ী ডিপো স্থাপন করা হবে।