২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমের সাথে কার্যকর সম্পর্ক গড়তে করপোরেট হাউসগুলোতে শক্তিশালী জনসংযোগ বিভাগ জরুরী

তথ্যের অপ্রতুলতার কারণে করপোরেট সংবাদ যথাযথভাবে ছাপা সম্ভব হচ্ছে না। এই অসুবিধা দূর করতে করপোরেট হাউসগুলোতে শক্তিশালী জনসংযোগ বিভাগ গঠন একান্ত জরুরী হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 04:39 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

শনিবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত “ব্রিজিং করপোরেট গভরনেন্স এন্ড মিডিয়া” শীর্ষক একটি কর্মশালায় ব্যাংক, বীমা, রিয়্যাল এস্টেট, টেলিকমিউনিকেশনস, বণিক সমিতি, বহুজাতিক কোম্পানি এবং গণমাধ্যম প্রতিনিধিগণ এ কথা বলেন।

তারা বলেন, টেকসহ উন্নয়নের স্বার্থেই করপোরেট হাউসগুলোর সিএসআর (করপোরেট সোস্যাল রেসপনসিবিলিটি) কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।

কর্মশালায় এক মাসের একটি আধেয় বিশ্লেষণ, গণমাধ্যম গেইটকিপার এবং করপোরেট সেক্টরের ওপর পরিচালিত এসেসমেন্ট স্টাডি’র ফলাফল এবং ইতোমধ্যে শেষ হওয়া তিনটি গোলটেবিলের সুপারিশ উপস্থাপন করা হয়। কর্মশালায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

ফেডারেশন অব চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সহ সভাপতি দেওয়ান সুলতান আহমেদ বলেন, করপোরেট সেক্টরে সুশাসন নিশ্চিত করতে হলে প্রথমে রাষ্ট্রীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি।

আনোয়ার ল্যান্ডমার্ক লি: এর ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম বলেন, বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমগুলোকে নীতিমালা মেনে চলা উচিত।

মার্কিন বার্তা সংস্থা এপি’র ব্যুরো চীফ ফরিদ হোসেন বলেন, বেশিরভাগ অর্থনীতি খবরেরই সংবাদমূল্য কম; খবরগুলোর গভীরতাও কম। তিনি বলেন, টেলিভিশন চ্যানেলে প্রচারিত বেশ কিছু বিজ্ঞাপন আমাদের সামাজিক মূল্যবোধকে নষ্ট করছে।

গ্রামীণ ফোনের জেনারেল ম্যানেজার (তথ্য) সৈয়দ ইয়ামীন বখত্ বলেন, আমাদের সংবাদপত্রে দেশের ব্যবসা - বাণিজ্যের খবর কম থাকে। তিনি বলেন, করপোরেট হাউসগুলোর জনসংযোগ বিভাগ খবরকে প্রভাবিত করছে -- একথা যদি সত্যি হয় তবে বলতে হয় এটি খবরের কাগজের সম্পাদকীয় বিভাগের জন্য একটি ব্যর্থতা।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সষ্টিটিউট (বিইআই) এর সিনিয়র রিসার্চ ফেলো লোপা রহমান বলেন, সিএসআর চ্যারিটি নয়। যেকোন সিএসআর কার্যক্রমই এককালীন না হয়ে দীর্ঘমেয়াদী হওয়া প্রয়োজন।

গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক নাসির এ চৌধুরী বলেন, আরও ভালোভাবে করপোরেট রিপোর্ট করার জন্য সাংবাদিকদের যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন।

সিঙ্গার বাংলাদেশ লি: এর কোম্পানি সেক্রেটারি মোহা: সানাউল্লাহ বলেন, সাম্প্রতিক সময়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (সিইসি) প্রদত্ত নীতিমালা এদেশে করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।

দৈনিক প্রথম আলো’র প্রধান প্রতিবেদক প্রণব সাহা বলেন, করপোরেট হাউস থেকে যে সকল সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় তাতে তথ্যের ঘাটতি থাকে। ফলে ভাল প্রতিবেদন লেখা সম্ভব হয় না।

র‌্যাংকস টেলিকম লি: এর ম্যানেজার, করপোরেট এফেয়ার্স, মোস্তাক হোসেন লিটন বলেন, সাংবাদিক ফোরাম এবং এসোসিয়েশনগুলোর সহায়তায় ইস্যু ভিত্তিক প্রশিক্ষণ আয়োজনের জন্য করপোরেট হাউসগুলোর এগিয়ে আসা প্রয়োজন। 

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।