২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে পত্রিকায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ দুঃখজনক: অর্থমন্ত্রী

“জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোন সিদ্ধান্ত হয়নি বলা সত্ত্বেও পত্রিকায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ হওয়া দুঃখজনক” অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান শুক্রবার বিকালে সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

অর্থমন্ত্রী বলেন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও বর্তমান সরকারের সঠিক পদক্ষেপের ফলে জাতীয় প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে উন্নীত হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে।

তিনি বলেন, দেশের উন্নয়ন, উৎপাদন, সামাজিক নিরাপত্তা ও আর্থিক শৃঙ্খলা রক্ষায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাপক জনসমর্থন নিয়ে আসা বর্তমান সরকার সাফল্যের স্বাক্ষর রাখছে। জাতীয় উন্নয়নের অব্যাহত ধারাকে অগণতান্ত্রিকভাবে বাধাগ্রস্ত করতে উন্নয়ন বিরোধী একটি দল অপচেষ্টা চালাচ্ছে, যাদের প্রতিশ্র“তি রক্ষায় ব্যর্থতার জন্য জনগণ প্রত্যাখ্যান করেছে।

অর্থমন্ত্রী কিছু কিছু পত্রিকায় প্রকাশিত সংবাদে তথ্য বিকৃত করার প্রসঙ্গ পুনর্ব্যক্ত করে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোন সিদ্ধান্ত হয়নি বলা সত্ত্বেও পত্রিকায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ হওয়া দুঃখজনক।

তথ্য বিবরণীতে জানানো হয়, সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, জাতীয় সংসদের হুইপ মো. ফজলুল হক আসপিয়া, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, নাজির হোসেন, কলিম উদ্দীন মিলন, শাহীনুল পাশা ও এম এম শাহীন, মহানগর বিএনপি’র সভাপতি আরিফুল হক চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি এমরান আহমেদ চৌধুরী এবং মহানগর ছাত্রদল সভাপতি জিল্লর আরেফিন জিল্লুর।

অর্থমন্ত্রী জাতীয়তা ও দায়িত্ববোধ নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে জনসম্পৃক্ত হয়ে কাজ করে যাবার আহ্বান জানান।