২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার দর: এ সপ্তাহে শীতকালীন শাক সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে

টঙ্গীতে বিশ্ব ইজতেমার কারণে রাজধানীর কাচা বাজারে শাক সবজির সরবরাহ কম হওয়ায় এ সপ্তাহে শীতকালীন শাক সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 05:34 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

যদিও মোটা ও সরু চাল, সয়াবিন তেল, চিনি, পেঁয়াজ ও আলুর দাম অপরিবর্তিত রয়েছে।

কারওরান বাজারের পাইকারী সবজি বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, ইজতেমায় অংশ নিতে প্রায় ১০/১৫ লাখ মানুষ টঙ্গীতে ভীড় জমিয়েছে। সরবরাহকৃত সবজির একটি বিরাট অংশ ইজতেমায় চলে যাচ্ছে। এ কারণে সবজির দাম একটু বেড়েছে। 

তিনি আরো বলেন, সরবরাহের ওপর সবজির দাম নির্ভর করে। গত সপ্তাহে সরবরাহ বেশি থাকায় দাম কম ছিল।

এ সপ্তাহে প্রতি কেজি বেগুন ও ফুলকপির দাম ছয় টাকা করে বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে শুক্রবার প্রতি কেজি বেগুনের দাম রাখা হচ্ছে ১৬ টাকা, অথচ গত সপ্তাহে এর দাম ছিল ১০/১২ টাকা। একটি মাঝারি আকৃতির ফুলকপির দাম গত সপ্তাহে ছিল ৮/১০ টাকা যা এ সপ্তাহে ১৫/১৬ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকৃতির বাঁধাকপির দাম ৪/৫ টাকা বেড়ে ১০/১২ টাকায় বিক্রি হচ্ছে।

পলাশী বাজারের খুচরা বিক্রেতা ইউসুফ আলী জানান, গত সপ্তাহে তারা ২০টি ফুলকপি ১০০ টাকায় কিনেছে কিন্তু এ সপ্তাহে পাইকারী বিক্রেতারা তাদের কাছে ২০০ টাকা দাম হেকেছেন।

প্রতি কেজি শালগম গত সপ্তাহে ছয় টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১০ টাকায়।

এ সপ্তাহে দেশি টমেটোর দাম কমলেও ভারতীয় টমেটোর দাম বেড়েছে। দেশি টমেটো কেজি প্রতি ২২/২৪ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে এর দাম ছিল ৩০/৩৫ টাকা। অন্যদিকে গত সপ্তাহে ভারতীয় টমেটো কেজি প্রতি ১২/১৪ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে তা বেড়ে ১৬/১৭ টাকা হয়েছে। 

১৫/১৬ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি কাঁচা মরিচ এ সপ্তাহে ২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে কেজি প্রতি ৮/১০ টাকায় বিক্রি হওয়া বিভিন্ন জাতের সিমের দাম এ সপ্তাহে বেড়ে হয়েছে ১২/১৬ টাকা।

পাইকারী চালের বাজারে বিভিন্ন রকম মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে। এ সপ্তাহে মোটা চাল ১৬ টাকা ৩০ পয়সা থেকে ১৭ টাকা ৩০ পয়সায় এবং খুচরা বাজারে ১৮ থেকে ১৯ টাকায় বিক্রি হচ্ছে।  

মিনিকেট ও নাজিরশাল চাল প্রতি কেজি ২২ টাকায় বিক্রি হচ্ছে। বিগত সপ্তাহগুলোতে তা ২৮ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

এ সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ১৫/১৬ টাকায় বিক্রি হয়েছে। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ছোট মাছের দাম বেড়েছে।