পাট বীজ আমদানি: আবারও সক্রিয় সিন্ডিকেট
গত মৌসুমে পাট বীজের বাজারে অবৈধ সংকট সৃষ্টিকারী চক্রটি এ বছর আবারও সক্রিয় হয়ে উঠেছে। গত মৌসুমে পাট বীজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা। ক্ষেত্র বিশেষে ৯০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত দাম নেয় মজুদকারীরা, অথচ এর প্রকৃত মূল্য ১০০ টাকারও কম।
“এবারও পাট চাষের মৌসুম ঘনিয়ে আসায়, বিপুল অংকের নগদ লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা আবারও সিন্ডিকেট গড়ে তুলেছে,” সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এ কথা বলেন।
গত মৌসুমের অনেক ব্যবসায়ী এবারও জোট সরকারের রাজনৈতিক আশীর্বাদপুষ্ট হয়ে আমদানির অনুমতি (আইপি) নেয়, অথচ তাদের অধিকাংশেরই আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) নেই।
পাট বীজ আমদানির ক্ষেত্রে এই সনদ একটি অন্যতম পূর্বশর্ত এবং যোগ্যতা, যা ছাড়া আমদানির অনুমতি মিলতে পারে না। গতবছর এ ধরনের অনুমতিপ্রাপ্ত অনেক আমদানিকারক একটি সিন্ডিকেট গড়ে তোলে এবং গুটিকয়েক সনদধারীর নাম করে বীজ আমদানি করে।
সূত্রটি জানায়, এবছরও চক্রটি একই কাজ করার পরিকল্পনা করছে। অধিকাংশ আমদানি অনুমতিপ্রাপ্ত ব্যবসায়ীর আমদানি নিবন্ধন সনদ নেই, এমনকি তারা বীজ আমদানিকারক বা বীজ ব্যবসায়ীও নয়।
অনুসন্ধানে দেখা গেছে, পুরান ঢাকার লুৎফর রহমান লেনে কতিপয় তথাকথিত বীজ আমদানিকারককে আইপি প্রদান করা হয়েছে।
একটি সূত্র জানায়, এ এলাকায় কোনো বীজ স্টোর বা আমদানিকারকদের কোনো অফিস নেই, এলাকাটি দর্জিদের দোকান ও তৈরি পোশাকের এলাকা হিসেবে পরিচিত।
আরেকটি সূত্র জানায়, পুরান ঢাকার সিদ্দিকবাজারে একটি বীজ গুদামের মালিককে চারটি আমদানি অনুমতিপত্র দেওয়া হয়েছে, অথচ এটির আমদানি নিবন্ধন সনদ নেই।
ঢাকার বাইরে ময়মনসিংহে মুক্তাগাছার একটি বীজের দোকান ১৫ টন পাট বীজ আমদানির অনুমতি পেয়েছে। কিন্তু বাস্তবতা হলো এই প্রতিষ্ঠানটির অস্তিত্বই নেই।
“এটি বিশাল দুর্নীতির একটি অংশমাত্র” -- উল্লেখ করে সূত্র জানায়, এবছর অধিকাংশ আমদানিকারক এ ধরনের অনুমতি পেয়েছেন।
সূত্র জানায়, সরকার বর্তমান বছরে ২৫০টির মত আমদানিকারক প্রতিষ্ঠানকে ১,৫০০ টন পাট বীজ আমদানির জন্যে অনুমতি দিয়েছে। সর্বমোট ৪,০০০ টন চাহিদার বাকি অংশ স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে পূরণ করা হবে বলে জানা গেছে।
সরকারের বীজ বিভাগের মহাপরিচালক আনোয়ার ফারুক এ বিষয়ে বলেন, বীজ আমদানির জন্যে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই।
তিনি বিডিনিউজকে বলেন, এক্স, ওয়াই, জেড -- যে -- ই লাইসেন্স নিয়ে বীজ আমদানির আবেদন করুক না কেন, সুনির্দিষ্ট নীতিমালার অভাবে তাকে আমরা না বলতে পারি না।
তিনি আরো বলেন, আগের বছর যে সকল আমদানিকারক বৈধভাবে পাট বীজ আমদানী করেছিল, বর্তমান বছরে তাদেরকেই অধিক পরিমাণ বীজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
মহাপরিচালক পাট বীজের বাজারে সিন্ডিকেট গড়ে তোলার আশংকা নাকচ করে দিয়েছেন।
কিন্তু বিশেষজ্ঞরা ধারণা করছেন, আমদানি নিবন্ধন সনদ ছাড়া পাট বীজ আমদানির অনুমতির সুযোগে আমদানিকারকরা সিন্ডিকেট গঠনের মাধ্যমে নিন্মমানের বীজ আমদানি ও বাজারে কৃত্রিম সংকটের সুযোগ পাবে।
সংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞ বলেন, পাট বীজ নোটিফায়েড ক্যাটাগরির আওতাধীন এবং আমদানি করা বীজ অবশ্যই যথাযথভাবে পরীক্ষা করা উচিত।
বিগত বছর দেশে বীজ সংকট সত্ত্বেও পাটের বাম্পার ফলন হয়। এ কারণে বর্তমান বছরে উৎসাহিত কৃষকরা অধিক পরিমাণ জমিতে পাট আবাদের প্রস্তুতি নিয়েছে।
আগামী মার্চে পাট আবাদ মৌসুম শুরু হবে।
