২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পেট্রোল অকটেনের জন্য হাহাকার

রাজশাহীতে পেট্রোল ও অকটেন সংকট প্রকট আকার ধারন করেছে। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর প্রায় সকল পাম্পে ‘পেট্রল ও অকটেন নেই’ লেখা প্লার্কাড ঝুলানো দেখা যায়। দু-একটি পাম্পে পেট্রোল বিক্রি শুরু হলেও তা শেষ হয়ে গেছে কয়েক ঘন্টার মধ্যে। গাড়ির মালিকরা তেলের জন্য দিনভর হণ্যে হয়ে ঘুরেছেন পাম্পগুলোতে। কিন্তু তেল কোথাও মেলেনি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 10:07 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

তেলের দাম বৃদ্ধি সংক্রান্ত অর্থ মন্ত্রী এম সাইফুর রহমানের মন্তব্যের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর পরই হঠাৎ করে রাজশাহী থেকে জ্বালানি তেল উধাও হয়ে যায়। আর পেট্রোল ও অকটেন সংকট ছিল প্রকট।

বুধবার দিনভর এই অবস্থা থাকার পর বৃহস্পতিবার কয়েকটি পাম্পে তেল বিক্রি হয়। এসব পাম্পের সামনে তেলের জন্য বিভিন্ন যানবাহনের লাইন পড়ে যায়। চাহিদার কারণে কয়েক ঘন্টার মধ্যে পাম্পের তেল শেষ হয়ে যায়।

ভোক্তারা অভিযোগ করেছেন, জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে অর্থমন্ত্রীর বক্তব্য শোনার পর থেকেই পাম্প মালিকরা তেল মজুদ করে রেখেছে।

তবে ভোক্তাদের এই অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন পাম্প মালিকরা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে যমুনা পরিবেশক ও নগরীর সপ্তক এন্টারপ্রাইজের মালিক জ্যোতি চৌধুরী জানান, সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপোতে পেট্রোল ও অকটেনের সরবরাহ না থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে। দু একদিনের মধ্যেই এই সংকট কেটে যাবে বলে তিনি জানান।