বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে
চট্টগ্রাম বণিক সম্প্রদায় বলেছে, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা বলেন, ব্যবসার প্রসারের সাথে সাথে অর্থনীতি-সাংবাদিকতার মানোন্নয়ন ঘটাতে হবে।
চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে মঙ্গলবার আয়োজিত ‘করপোরেট গভরনেন্স এন্ড মিডিয়া’ শীর্ষক একটি কর্মশালায় বণিক সম্প্রদায়ের প্রতিনিধিরা এ কথা বলেন। কর্মশালায় চট্টগ্রাম বিজিএমইএ, পোর্ট ইউজার্স ফোরাম, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, ব্যাংক, বীমা, স্টক এক্সচেঞ্জ, গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এতে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন, দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যম প্রতিনিধিরা দেশের অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে একসাথে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম বিজিএমইএ- এর ১ম সহ-সভাপতি এস.এম আবু তৈয়ব বলেন, সাম্প্রতিক সময়ে ব্যবসা--বাণিজ্যের সংবাদ বেশ গুরুত্বের সাথে ছাপা হচ্ছে। আরও ভাল কভারেজের স্বার্থে তিনি গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়নের ওপর জোর দেন।
জনাব তৈয়ব বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহিত করতে গণমাধ্যমের আরও এগিয়ে আসা উচিত।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড- এর উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম বেলায়েত হোসেন বলেন, গণমাধ্যম ও করপোরেট হাউসগুলোর মধ্যকার দূরত্ব কমিয়ে জনসংযোগ কার্যকর ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা প্রধানরা নিজেরাই সকল বিষয়ে প্রেসের সাথে কথা বলেন; এটা ঠিক নয়। জনসংযোগ বিষয়ে আমাদের স্পস্ট ধারনার অভাবই এ জন্যে দায়ী।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোশিয়েশন- এর উপদেষ্টা এম.এ আলীম বলেন, করপোরেট বিষয়ে সাংবাদিকদের পর্যাপ্ত জ্ঞানের অভাব রয়েছে।
রয়েল সিমেন্ট- এর প্রধান নির্বাহী মো: আসলাম চৌধুরী বলেন, করপোরেট এবং গণমাধ্যমকর্মী উভয়কেই আরও পেশাদার হওয়া প্রয়োজন।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান বলেন, এ দেশের ব্যবসা--বাণিজ্য প্রসারে গণমাধ্যম সহায়ক ভূমিকা পালন করছে।
দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান জসিম চৌধুরী সবুজ বলেন, বস্তুনিষ্ঠ প্রতিবেদনের স্বার্থে করপোরেট হাউসগুলোর উচিত গণমাধ্যমকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ করা।
দৈনিক আজাদী’র বার্তা সম্পাদক সমীর ভট্টাচার্য বলেন, গণমাধ্যম এবং করপোরেট হাউস উভয়ের জন্যই দক্ষ জনশক্তির কোন বিকল্প নেই।
