চারদিনব্যাপী ২য় বাংলাদেশ আন্তর্জাতিক মোটর শো শুরু হচ্ছে ২৪ এপ্রিল
বাংলাদেশ অটোমোবাইলস ডিস্ট্র্রিবিউটরস এসোসিয়েশন (বাডা) দ্বিতীয়বারের মত আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মোটর শো। এ বছরের ২৪ - ২৭ এপ্রিল চারদিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশ - চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
বাডা আশা করছে এ মেলা ২০০৩ সালে আয়োজিত প্রথম শো’র চেয়েও সফল হবে। বিশ্বের বিখ্যাত গাড়ি কোম্পানির বাংলাদেশে নিযুক্ত পরিবেশক কোম্পানিগুলো এই শোতে অংশগ্রহন করবে।
মঙ্গলবার স্পেকট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত বাডা’র সাধারণ সভায় দ্বিতীয় বারের মতো মোটর শো আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাডার সভাপতি এম. সালাহউদ্দিন সাধারণ সভায় সভাপতিত্ব করেন।
সালাহউদ্দিন বলেন, মোটর শো আয়োজনের প্রাথমিক লক্ষ্য হলো ব্রান্ড নিউ গাড়ি এবং এসব গাড়ির পরিবেশ বান্ধবতা সম্পর্কে ক্রেতা সাধারণকে অবগত করা। প্রথমবার আয়োজিত মেলার সফলতাই এবারের মেলা আরও বিশাল পরিসরে আয়োজনে অনুপ্রাণিত করেছে।
তিনি বাংলাদেশ - চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভিতরে এবং বাইরের খোলা জায়গায়ও অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর গাফড় প্রদর্শিত হবে। অটোমোবাইল বাংলাদেশের দ্রুত প্রসারমান একটি বাণিজ্য খাত। এখন থেকে বাডা এ মেলা প্রতিবছরই আয়োজন করবে।
তিনি এ খাতের প্রসারের স্বার্থে একটি নীতিমালা প্রনয়নের জন্য সরকারের কাছে আবেদন জানান এবং নতুন গাড়ির উপর শুল্ক আরও কমানোর জন্য আবেদন জানান যাতে করে নতুন গাড়ি মধ্যবিত্তদের ক্রয়সীমার মধ্যে চলে আসে।
বিশ্বখ্যাত গাড়ি ব্র্যান্ড যেমন, টয়োটা, মিটসুবিশি, ফোর্ড, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, ভলভো, টাটা, অশোক লেল্যান্ড, ইসুজু, হিনো, সুজুকি, ল্যান্ড রোভার, পোর্সে, নিশান, হুন্দাই, কিয়া, হোন্ডা, প্রোটন, ফিয়াট, মহিন্দ্রা, স্কোডা গাড়ি এখানে প্রদর্শিত হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও জাপান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানী, ভারত, মালয়শিয়া, পাকিস্তান, থাইল্যান্ড এবং অন্যান্য দেশ থেকে গাড়ির প্রস্তুতকারক কোম্পানির প্রতিনিধিরাও এ মেলায় অংশ নেবেন।
গাড়ির পরিবেশক কোম্পানি ছাড়াও টায়ার, ব্যাটারি, ওয়েল, লুব্রিকেন্ট, সিএনজি কনভারসন, অটোমোটিভ পেইন্ট, ভিহেক্যাল ডেকোরেশন এবং অডিও সিস্টেম, ওয়ার্কশপ যন্ত্রপাতি, ব্যাংক, বীমা এবং লিজিং কোম্পানিগুলোও এ মেলাতে অংশ নেবে।
এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরেরও মেলায় একটি করে স্টল থাকবে। এ স্টলগুলোতে ট্রাফিক আইন কানুন এবং পরিবেশ বিষয়ক তথ্য পাওয়া যাবে। মেলার পাশাপাশি বাডা অটোমোবাইল সেক্টর, ট্রাফিক ও পরিবেশ বিষয়ক পাঁচটি সেমিনার আয়োজন করবে। সেমিনারের বিষয়গুলো হলোঃ রোড সেফটি এন্ড ট্রাফিক ম্যানেজমেন্ট, এয়ার এন্ড ফুয়েল কোয়ালিটি ম্যানেজমেন্ট, লুব টেকনোলজি, এনভায়রণমেন্টাল এফেক্ট এন্ড ট্রান্সপোর্ট সেক্টর এবং ইমপ্যাক্ট অব ট্রান্সপোর্ট সেক্টর অন ন্যাশনাল ইকোনমি।
