করদাতা চিহ্নিত করার মাধ্যমে আরো বেশি কর আদায় করতে বাড়ি-বাড়ি জরিপ পরিচালনার সিদ্ধান্ত
আরো বেশি করদাতা চিহ্নিত করার মাধ্যমে জাতীয় রাজস্ব আয় বৃদ্ধি করতে সরকার বাড়ি-বাড়ি গিয়ে জরিপ পরিচালনার পরিকল্পনা করছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাথে মঙ্গলবার এক মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) খায়রুজ্জামান চৌধুরী বলেন, রাষ্ট্রের নাগরিকদের কাছ থেকে কর আদায়ের পরিমান বাড়াতে আমরা বাড়ি-বাড়ি গিয়ে জরিপ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, জরিপ পরিচালনা করতে সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের একাডেমিক দীর্ঘ ছুটির সময় জরিপ পরিচালনার কাজে নিয়োগ দেবে।
খায়রুজ্জামান বলেন, দেশে ১৪ কোটি মানুষ রয়েছে। কিন্তু তাদের খুব কম লোকই কর দিয়ে থাকে। বাড়ি-বাড়ি গিয়ে জরিপ পরিচালনা করলে তা করদাতা বৃদ্ধি ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইনজীবীদের বার সদস্যপদ লাভকে বাধ্যতামূলক করার দাবির প্রতি এনবিআর চেয়ারম্যান সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ইস্যুটির আইনগত দিক তিনি খতিয়ে দেখবেন।
খায়রুজ্জামান বলেন, পরবর্তী অর্থ বছরের বাজেটের সময় অর্থ বিলে বার সদস্যপদ বাধ্যতামূলক করার বিষয়টি তিনি বিবেচনা করবেন।
আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের কথা উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, কর আদায়ের মাত্রা বৃদ্ধি করতে কর আইনজীবীদের যথাযথ ভূমিকা পালন করতে হবে।
এনবিআর’র সদস্য ও শীর্ষ কর্মকর্তারা এবং ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিন আহমেদ মন্টু মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এসোসিয়েশনের সভাপতি সোহরাব উদ্দিন আহমেদ সভার সভাপতিত্ব করেন।
আমিন আহমেদ বলেন, ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্যরা কর সংক্রান্ত মামলাগুলোর ৩০ শতাংশ মামলা পরিচালনা করে। বাকি ৭০ শতাংশ মামলা পরিচালনা করে এসোসিয়েশনের সদস্য নন এমন আইনজীবীরা।
