২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বো মেলায় প্রায় ৪৯ কোটি টাকার অর্ডার পেয়েছে বাংলাদেশ

শ্রীলংকার কলম্বোয় আয়োজিত বাংলাদেশের একক বাণিজ্য মেলায় বাংলাদেশ ৪৯ কোটি টাকার অর্ডার পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

চার দিনব্যাপী এ একক বাণিজ্য মেলা রোববার শেষ হয়েছে। বাংলাদেশের ৪৪ টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। মেলায় যে সমস্ত পণ্য প্রদর্শিত হয় তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ঔষধ, পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হস্তশিল্পজাত পণ্য, হালকা ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির ব্যাটারি ও ড্রাইসেল ব্যাটারি, বৈদ্যুতিক মিটার ও তার, তৈরি পোশাক, শাড়ি ও সিল্ক সামগ্রী, ফ্লোট গ্লাস, সিরামিক পণ্য, তৈজসপত্র, কৃষিজাত পণ্য ও খাদ্য সামগ্রী।

মেলায় অংশগ্রহণকারীরা মেলার সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, ১৫ লাখ ৮৫ হাজার ৭০০ মার্কিন ডলারের সমপরিমাণ ১০ কোটি ৭৮ লাখ ২৭ হাজার ৬০০ টাকার নিশ্চিত রপ্তানি আদেশ এবং ৫৪ লাখ ৮৭ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ ৩৭ কোটি ৩১ লাখ ১৬ হাজার টাকার সম্ভাব্য রপ্তানি আদেশ লাভ করেছে। 

মেলায় বিপুল দর্শক সমাগম ঘটে এবং তারা বাংলাদেশী পণ্যের গুণগত মানের প্রশংসা করেছে ও পণ্য সম্পর্কে গভীর আগ্রহ ব্যাক্ত করে। এছাড়াও এই প্রথমবারের মতো শ্রীলংকায় অনুষ্ঠিত বাংলাদেশী বাণিজ্য মেলা সে দেশের সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার পায়।

শ্রীলংকার নের্তৃস্থানীয় চেম্বার অব কমার্স এবং বাংলাদেশ-শ্রীলংকা বিজনেস কাউন্সিলের সহায়তায় মেলায় অংশগ্রহণকারীদের জন্য শ্রীলংকান আমদানীকারক ও ব্যবসায়ীদের সাথে ওয়া-টু-ওয়ান বাণিজ্য বৈঠকের আয়োজন করা হয়।

মেলা শেষে কলম্বোর বাংলাদেশ হাইকমিশনে মেলায় অংশগ্রহণকারী, বাংলাদেশের হাইকমিশনার, ভাইস চেয়ারম্যান, ইপিবি এবং নির্বাহী চেয়ারম্যান, বেপজা’র সাথে মতবিনিময় সভায় মেলার সুফল আহরণে সহায়তার অনুরোধ জানানো হয়।