২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টমেটো বদলে দিচ্ছে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি

শীতকালীন জনপ্রিয় সবজি টমেটো চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি অর্থকরী ফসলের তালিকায় যুক্ত হয়েছে। টমেটো এ অঞ্চলের কৃষকদের ভাগ্যও পাল্টে দিচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 10:20 AM

Updated : 26 Apr 2022, 03:22 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা আবাদকৃত টমেটো জেলাবাসীর চাহিদা মিটিয়ে প্রতিদিন রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছরের তুলনায় এ বছর টমেটো উৎপাদনের পরিমাণ বেশি।

স্থানীয়রা জানায়, কয়েক বছর আগেও এ জেলায় বাণিজ্যিক ভিত্তিতে টমেটো চাষ করা হতো না। কয়েকজন কৃষক পরীক্ষামূলকভাবে তাদের জমিতে টমেটো চাষ শুরু করে। চাষে ব্যাপক সাফল্য দেখে অন্যান্য কৃষকেরা টমেটো চাষে ঝুঁকে পড়ে এবং গত কয়েক বছরে গোটা জেলায় টমেটো চাষ জনপ্রিয় হয়ে উঠে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক অসীম কুমার মালাকার বিডিনিউজকে জানান, এবার জেলার প্রায় ১৩’শ হেক্টর জমিতে টমেটোর চাষ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে হাইব্রীড জাতের পাশাপশি দেশী জাতের টমেটোও চাষ করা হচ্ছে বলে তিনি আরও জানান। 

সদর উপজেলার মহারাজপুর গ্রামের টমেটো চাষী গোলাম মোস্তফা বিডিনিউজকে জানান, চলতি বছর তিনি চার বিঘা জমিতে টমেটোর চাষ করেছেন। এতে তার উৎপাদন খরচ পড়েছে মোট ১২ হাজার টাকা।

ইতোমধ্যে তিনি ৪০ হ্জাার টাকার টমেটো বিক্রি করেছেন বলে জানান। 

এদিকে টমেটো চাষকে ঘিরে জেলায় অনেক ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে। ব্যবসায়িক সুবিধার্থে গড়ে উঠেছে অসংখ্য আড়ত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা ও চট্টগ্রামে বর্তমানে টমেটোর উল্লেখযোগ্য পরিমাণ চালান আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে। প্রতিদিন ২৫/৩০ ট্রাক টমেটো বিভিন্ন জেলায় যাচ্ছে। জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। অনেকে এ পেশায় সংযুক্ত হওয়ার ফলে তাদের কর্মসংস্থান হচ্ছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধিত হচ্ছে।

কৃষকরা সারাদেশে উৎপাদিত টমেটোর বাজার ধরে রাখতে চাঁপাইনবাবগঞ্জ জেলার টমেটো ভিত্তিক হিমাগার স্থাপন করার দাবি জানান।

টমেটোতে রাসায়নিক দ্রব্য ব্যবহারের ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব কেন্দ্রের বিশেষজ্ঞ ড. ইত্তেফাকুল আজাদ বিডিনিউজকে জানান, টমেটো পাকাতে এ্যাথোফেন নামক যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় তা আসলে এক জাতীয় হরমোন। টমেটো পাকাতে যে পরিমান হরমোন ব্যবহার করা হয় তা মানবদেহে ক্ষতি করতে পারে না। কারণ  এটা মানবদেহে জমে থাকে ঘাম কিংবা প্রস্রাবের সাথে বের হয়ে যায়।

তিনি আরো জানান, টমেটোতে এ্যাথোফেন ব্যবহার করা হয় মূলত নির্ধারিত সময়ের আগে পাকানোর জন্য।

তিনি আরও জানান, হরমোন দিয়ে পাকানো টমেটো শরীরের ক্ষতি না করলেও স্বাদ ও ভিটামিন কমে যায়।