২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগ করতে শ্রীলঙ্কার ব্যবসায়ীদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশের হীরক কাটা ও মসৃণকরণ, জুয়েলারি, কৃষি, চামড়া, ব্যাংকিং এবং আইসিটি খাতে বিনিয়োগ করতে শ্রীলঙ্কার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

শ্রীলঙ্কায় ২০-২৩ জানুয়ারি শুরু হওয়ার চারদিনের বাংলাদেশ বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এ আহ্বান জানান।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে শ্রীলঙ্কা যদি এগিয়ে আসে, তবে বাংলাদেশ তাকে স্বাগত জানাবে।

এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) সহযোগিতায় কলম্বোস্থ বাংলাদেশের হাই কমিশন রাজধানী কলম্বোর শ্রীলঙ্কা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে বাংলাদেশের বাণিজ্য মেলাটির আয়োজন করেছে।

ইপিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শ্রীলঙ্কার ব্যবসা, বাণিজ্য, গ্রাহক ও বাজার উন্নয়ন বিষয়ক মন্ত্রী জয়রাজ ফার্নান্দোপুলে মেলার উদ্বোধন করে। মন্ত্রিসভার অপর কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ, চ্যাম্বার নেতৃবৃন্দ এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীবৃন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারিত করতে ১৭টি পণ্য ক্যাটাগরিতে ৪৪টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে।

মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে-ফার্মাসিউটিক্যালস, শাড়ি, রেশমি পণ্য, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, হস্তশিল্প, ব্যাটারি, পাটজাত দ্রব্য, কৃষিপণ্য, খাদ্য, কসমেটিক্স, টয়লেট্রিস ও সিরামিত ইত্যাদি।

দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রসার ঘটানোর লক্ষ্যে একটি যৌথ বাণিজ্য সম্মেলন করতে আলতাফ হোসেন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

জয়রাজ ফার্নান্দোপুলে বলেন, বাংলাদেশে শ্রীলঙ্কার পণ্যের প্রসার ঘটাতে চলতি বছরের শেষের দিকে বাংলাদেশে একটি একক বাণিজ্য মেলা করতে সরকার চিন্তাভাবনা করছে।

কলম্বোস্থ বাংলাদেশের হাই কমিশন ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেসিলিটিজ ইন বাংলাদেশ’ সংক্রান্ত একটি সেমিনার আয়োজন করেন।

বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বিইপিজেডএ) চেয়ারম্যান জাকির হোসেন ও ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সার্ক চেম্বার অ্যান্ড কমার্স এবং ফেডারেশন অব চ্যাম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অব শ্রীলঙ্কার নেতৃবৃন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।