২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অডিট প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছে এসইসি

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) একটি অডিট প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এসইসি সূত্র জানায়, পরপর দুই বছর যাবৎ একটি কোম্পানি ২ কোটি ৭২ লাখ ৪৭ হাজার ২০৪ টাকা ব্যাংকে রাখার বদলে নগদ হিসেবে রাখলেও অডিট প্রতিষ্ঠানটি তাদের প্রতিবদেনে এ ব্যাপারে কোনও মন্তব্য না করে দায়িত্বে অবহেলা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এসইসি’র একজন কর্মকর্তা বলেন, চিটাগং ভেজিটেবল অয়েল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ২০০৩ ও ২০০৪ সালে ওই টাকা তাদের নগদ হিসেবে দেখায়। কিন্তু অডিট প্রতিষ্ঠানটি এ ব্যাপারে কোনও প্রতিবেদন দেয়নি।

তিনি মন্তব্য করেন, যেহেতু দুই বছর ধরে ওই টাকা নগদে রাখা হয়েছে, তাই অডিট প্রতিষ্ঠানের উচিত ছিল ওই টাকার ব্যাপারে মন্তব্য লিপিবদ্ধ করা। বিষয়টি সম্পর্কে আমরা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ’র (আইসিএবি) কাছে অভিযোগ করেছি।

চিটাগং ভেজিটেবলের দেওয়া আর্থিক বিবরণে দেখা যায়, কোম্পানির হাতে নগদে মোট ২ কোটি ৭২ লাখ ৪৭ হাজার ২০৪ টাকা জমা আছে। তারা মাত্র ১৫ হাজার ৬২৯ টাকা ব্যাংকে জমা রাখে।

চিটাগং ভেজিটেবলের অডিট প্রতিষ্ঠান সারোয়ার সালামাত অ্যান্ড কোম্পানি তাদের প্রতিবেদনে জানায়, কোম্পানির মালামালের তালিকাকরণ প্রক্রিয়ার কারণে অডিটের ক্ষেত্রে আমরা সন্তুষ্ট হতে পারিনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান বলেন, দুই বছরের জন্য এভাবে টাকা ফেলে রাখার বিষয়টি অস্বাভাবিক।

তিনি বলেন, অডিট প্রতিষ্ঠানের উচিত ছিল এ ব্যাপারে মন্তব্য প্রদান করা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চার্টার্ড অ্যাকাউন্টেড (সিএ) বিষয়টিকে অডিট প্রক্রিয়া অনুযায়ী ‘বিষয়টি বাস্তব সম্মত নয়’ বলে উল্লেখ করেন।

আইসিএবি’র সম্পাদক এসইসি’র অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, আসিএবি’র তদন্ত ও শৃঙ্খলা কমিটির কাছে পর্যালোচনার জন্য এটি পাঠানো হবে।

ডিএসই চিটাগং ভেজিটেবল কোম্পানি লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি হিসেবে তালিকাভুক্ত করেছে।