ফুলবাড়ি কয়লা প্রকল্প’র জন্য এশিয়া এনার্জির লন্ডনে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ
এশিয়া এনার্জি পিএলসি এর ফুলবাড়ি কয়লা প্রকল্পের বাস্তবায়ন পরিচালনার জন্য অস্ট্রেলিয়া থেকে বিশিষ্ট খনিবিষয়ক নির্বাহী স্টিভ বাইওয়াটারকে কোম্পানির লন্ডনভিত্তিক প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছে।
চুয়ান্ন বছর বয়সী বাইওয়াটার রিও টিনটো কোল অস্ট্রেলিয়া’র চীফ অপারেটিং অফিসার হিসেবে বার্ষিক ৬০ মিলিয়ন টন কয়লা উৎপাদনকারী সাতটি খনি কার্যক্রমের দায়িত্বে ছিলেন। বৃহৎ খনি কার্যক্রম বাস্তবায়নেও তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
এশিয়া এনার্জির সাবসিডিয়ারী এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) পিটিওয়াই লিমিটেড বাংলাদেশের উত্তরাঞ্চলে ফুলবাড়িতে উন্মুক্ত খনন পদ্ধতিতে বার্ষিক ১৫ মিলিয়ন টন কয়লা উত্তোলনের জন্য খনি উন্নয়ন পরিকল্পনা জমা দিয়েছে এবং কার্যক্রম শুরুর জন্য সরকারি অনুমোদনের অপেক্ষায় আছে।
ত্রিশ বছরের বেশি খনির মেয়াদকালে এশিয়া এনার্জি মূলধন হিসেবে দুই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং খনি এলাকায় ৫০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আরো ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
বৃটিশ নাগরিক বাইওয়াটার বলেন: ফুলবাড়ি কয়লা প্রকল্প বাংলাদেশের জন্য একটি মাইলফলক উন্নয়ন। তিনি আরও বলেন, “আমি এই আকর্ষনীয় প্রকল্পের বাস্তবায়নের ব্যাপারে আশাবাদী যাতে তা বাংলাদেশের জনগণ ও আমাদের অংশীদারদের জন্য লাভজনক হয়।”
এর আগে বাইওয়াটার রোব রিভার মাইনিং এর জেনারেল ম্যানেজার (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন। নর্থের সাবসিডিয়ারি রোব রিভার মাইনিং ২০০০ সালে রিও টিনটোর সাবসিডিয়ারিতে পরিণত হয়। তিনি হ্যামার্সলি আয়রণ লিমিটেডের জেনারেল ম্যানেজার (মাইন অপারেশনস) এবং মাইন্ট ইসা মাইনস এর খনি ও ধাতুবিদ্যাগত কার্যক্রমেরও জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। রোব রিভার মাইনিং এ তিনি বন্দর ও রেল সুবিধার ব্যবস্থাপনার কাজেও নিযুক্ত ছিলেন।
এশিয়া এনার্জি পিএলসির চেয়ারম্যান ক্রিস ঈগার বলেন, স্টিভ বাইওয়াটারের মত বিশিষ্ট খনি বিশেষজ্ঞ এই প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রমে যোগদানের জন্য আমি আনন্দিত। ফুলবাড়ির মতো বৃহৎ মাত্রার খনির কার্যক্রম পরিচালনায় তার পেশাগত দক্ষতা পরীক্ষিত।
বাইওয়াটার যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ডেভিড লেনিগ্যাস ও মাইকেল ফ্রেইনের স্থলাভিষিক্ত হবেন। লেনিগ্যাস নন - এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কোম্পানিতে বহাল থাকবেন। ফ্রেইন জানুয়ারি মাসের শেষ নাগাদ পদত্যাগ করবেন।
এশিয়া এনার্জি পিএলসির চীফ অপারেটিং অফিসার ও এক্সিকিউটিভ ডিরেক্টর গ্যারি লাই এশিয়া এনার্জি করপোরেশন (বাংলাদেশ) পিটিওয়াই লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বহাল থাকবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়।
