অবকাঠামো উন্নয়নে ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার
বিশ্বব্যাংক প্রস্তাবিত অবকাঠামো উন্নয়ন প্রকল্প সংক্রান্ত বেসরকারি খাতের কার্যক্রমকে আর্থিকভাবে সহায়তার জন্যে সরকার শিগগিরই ১০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্প চালু করতে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছর মার্চে বিশ্বব্যাংকের বোর্ড অব গভর্নরস সভায় প্রস্তাবিত সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি (ইনভেস্টমেন্ট প্রমোশন ফাইন্যান্সিং ফ্যাসিলিটি) প্রকল্পটি অনুমোদন পেতে পারে। অনুমোদনের পর জুলাইতে প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
বেসরকারি উদ্যোগে বন্দর সুবিধা বৃদ্ধি, সড়ক ও জনপথ উন্নয়ন এবং ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মতো অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোর সহায়ক হিসেবে কাজ করবে এ প্রকল্প।
প্রকল্পের মোট ব্যয়ের ক্ষেত্রে বিশ্বব্যাংক দেবে ৫০ মিলিয়ন ডলার এবং বাকিটা বহন করবে সরকার। এক্ষেত্রে সরকার বাংলাদেশ ব্যাংকের চলমান আর্থিক প্রতিষ্ঠান উন্নয়ন প্রকল্প (এফআইডিপি) থেকে এ অর্থ ব্যয় করবে।
সরকার তার চলমান আর্থিক প্রতিষ্ঠান উন্নয়ন প্রকল্প থেকে সরবরাহ করবে ৩৫ মিলিয়ন ডলার। অন্যদিকে এ প্রকল্পের আওতায় ব্যাংকিং বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইতিপূর্বে যে ঋণ দেয়া হয়েছে তা থেকে আদায়কৃত অর্থ থেকে ব্যয় করা হবে ১৫ মিলিয়ন ডলার।
গত বছর ডিসেম্বরে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা শুক্রবার বিডিনিউজকে বলেন, ‘চলতি বছর মার্চে বিশ্বব্যাংকের বোর্ড অব গভর্নরস সভায় প্রকল্পটি অনুমোদিত হবে বলে আমরা আশা করছি’। চলতি বছরের জুলাইতে প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে তিনি জানান।
তিনি বলেন, অতীতে বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের শেয়ার ছিল অনেক কম। এ প্রকল্পে যাতে বিশ্বব্যাংকের শেয়ার বাড়ানো যায় সেজন্যে আমরা তাদের প্রতিশ্র“তি আদায়ের চেষ্টা চালাচ্ছি।
বিশ্বব্যাংক ভবিষ্যতে সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি (আইপিএফএফ) প্রকল্পে আরও সহায়তা করতে সম্মত হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, গড়পড়তা ১০ থেকে ২০ মিলিয়ন ডলারের এ প্রকল্প আইপিএফএফ প্রকল্প থেকে সহায়তা পাবে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১০ বছর মেয়াদী এ প্রকল্পটি বাস্তবায়ন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
