রেমিটারদের আগ্রহী করে তুলতে উন্নত গ্রাহক সেবার দিকে নজর দিচ্ছে যুক্তরাজ্যের আর্থিক প্রতিষ্ঠানগুলো
কিছুদিন আগেও যুক্তরাজ্য থেকে বাংলাদেশে অর্থ পাঠানোর বিষয়টিতে তেমন একটা নজর দেয়া হতো না। কিন্তু বর্তমানে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বৈধ পন্থায় রেমিটেন্স পাঠানোর মাধ্যমে এ খাতটি বেশ জোরদার হয়েছে।
২০০০ সাল থেকে যুক্তরাজ্য থেকে অর্থ পাঠানোর হার প্রতিবছর দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়ায় ব্যাংক ও অর্থ পাঠানো সংক্রান্ত সেবা প্রতিষ্ঠানসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো বর্তমানে নজর দিচ্ছে গ্রাহক সেবার মান বৃদ্ধির দিকে।
প্রসারমান বেসরকারি খাতের প্রতিযোগিতার মধ্যেও আন্তর্জাতিক অর্থ পাচার নীতিমালা মেনে এ প্রতিযোগিতার বেশ ভাল অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংকের লন্ডন শাখা।
বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে নিরলস কাজ করা এ দু’টি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বিডিনিউজকে বলেন, গত কয়েক বছরে অর্থ পাঠানো খাতটি যেহেতু দ্রুত প্রসার লাভ করেছে তাই তারা উন্নত সেবার মাধ্যমে গ্রাহক টানতে চেষ্টা করছেন।
২০০১ সাল থেকে এ পর্যন্ত প্রতিবছর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে অর্থ পাঠানোর হার প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে বলা হয়, ২০০১-০২ অর্থবছরে এ সংখ্যা ছিল ৫৯৫ দশমিক ০২ কোটি টাকা, ২০০২-০৩ অর্থবছরে ১২৭৫ দশমিক ০৮ কোটি টাকা এবং ২০০৩-০৪ অর্থবছরে তা বেড়ে গিয়ে দাঁড়ায় ১৭৫৩ কোটি টাকায়।
২০০৪-০৫ অর্থবছরে আগস্টের বন্যার পর যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা দেশে প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ড রেমিটেন্স পাঠায়। এটি ছিল বন্যার পর বাংলাদেশে যুক্তরাজ্যের সরকারি অনুদানের দ্বিগুণেরও বেশি এবং সেই ধারা অব্যাহত রয়েছে।
বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর এই প্রবাহে আরও গতি আনতে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো নতুন পদক্ষেপ নিয়েছে।
এসব পদক্ষেপের অংশ হিসেবে তারা অর্থ পাঠানোর ব্যবস্থাকে আরও উন্নত করতে ট্রানজেকশন আইডি (টিআইসি) ও কাস্টমার রেমিট্যান্স কার্ড (সিআরসি) চালু এবং দক্ষ কর্মী নিয়ে নতুন শাখা খোলার দিকে নজর দিচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রূপালী ব্যাংক বাংলাদেশ কর্তৃক প্রতিষ্ঠিত রূপালী ব্যাংক যুক্তরাজ্যের চেয়ারম্যান শাহ জামাল আলী জানান, সোনালী ব্যাংককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ২০০৫ সালের ২৩ ফেব্র“য়ারি তারা যুক্তরাজ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন।
তিনি বলেন, আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সোনালী ব্যাংক যুক্তরাজ্য লিমিটেড। গত তিন বছর ধরে আমরা দেখেছি যে তাদের ব্যাংকিং সেবার মান কম। তাদের কাউন্টারে গ্রাহকদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় যা গ্রাহকরা কখনোই চান না।
তিনি আরও বলেন, বিশ্বের শীর্ষ অর্থ পাঠানোর প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নের মতোই টিআইসি ব্যবস্থার সাহায্যে তারা ২০০৫ সালের ডিসেম্বর থেকে ইতোমধ্যেই বাংলাদেশে চার মিলিয়ন পাউন্ড পাঠিয়েছেন।
তাদের এ সার্ভিসের কারণে প্রেরকের পাঠানো অর্থ একদিনের মধ্যেই রূপালী ব্যাংকের যেকোনো শাখা থেকে প্রাপক তুলতে পারেন বলে জানান শাহ জামাল আলী।
প্রতিদ্বন্দ্বী সোনালী ব্যাংকের সাথে পাল্লা দিতে রূপালী ব্যাংকও ম্যানচেস্টার, লুটন ও ব্রাডফোর্ডে তাদের আরও তিনটি শাখা খুলেছে।
তবে বাংলাদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে কয়েক দশক ধরে শীর্ষে থাকা সোনালী ব্যাংক যুক্তরাজ্যও আগের চেয়ে এখন অনেক বেশি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক ব্যবস্থার মাধমে তাদের সেবার মান উন্নত করেছে। এর উপ প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন ন্যাটওয়েস্ট ব্যাংকে ২৭ বছর কর্মরত কর্মকর্তা ট্রেভর ডুরিট।
তিনি বলেন, সোনালী ব্যাংক সম্প্রতি পাউন্ডের বিপরীতে টাকার হার জানতে ‘টাকা রেট লাইন’ নামে একটি টেলিফোন লাইন চালু করেছে। ২০০৫ সালে এ লাইনে তিন লাখের বেশি গ্রাহক ফোন করেছেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন, গ্রাহকরা যাতে রেমিটেন্স ফরম পূরণ ও প্রিন্ট করতে পারে এবং ব্যাংক চেকসহ তা ব্যাংকে পাঠাতে পারে সেজন্যে ব্যাংকের ওয়েবসাইট উন্নত করা হয়েছে।
যুক্তরাজ্য থেকে বাংলাদেশে অর্থ পাঠানোর প্রতিযোগিতায় সোনালী ও রূপালী ব্যাংক ছাড়াও আরও অনেকে ছোট খাটো আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের উত্তরা ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়ার সহযোগিতায় তারা যুক্তরাজ্যে কাজ করে যাচ্ছে।
