সরকার ইউএস ট্রেড বিলের পাশাপাশি অনান্য বিকল্প পন্থাও বিবেচনা করছে : মোরশেদ খান
পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বৃহস্পতিবার বলেছেন, দেশের পোশাক শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার লাভে সরকারের উচিত ইউএস ট্রেড বিলের পাশাপাশি অন্য বিকল্প পন্থাগুলোও বিবেচনা করা।
ট্রেড বিল অথবা বিশেষ চুক্তির মত বিকল্প কোন আইন পাশের সপক্ষে প্রচার-প্রচারনা চালানোর জন্য বিজিএমইএ নেতৃবৃন্দ আগামী মঙ্গলবার নিউইয়র্কে রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সাথে সাক্ষাত করবেন।
বাংলাদেশ গামের্ন্টস ম্যানুফ্যাকচার এ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিজিইএমএ) এর একটি প্রতিনিধি দল সংগঠনের সভাপতি টিপু মুন্সীর নেতৃত্বে নিউইয়র্ক সফরের আগে বৃহস্পতিবার পররাষ্ট মন্ত্রী এম. মোরশেদ খানের সাথে মতবিনিময়কালে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় বিজিএমইএ নেতৃবৃন্দ মন্ত্রীকে তাদের সফরের বিষয়ে বিস্তারিত অবহিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী তাদের দাবির পক্ষে মত দেন এবং এই বিষয়ে সকল প্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।
মন্ত্রী আরও বলেন, আমরা বিশেষ চুক্তির মাধ্যমে অন্ততপক্ষে কিছু পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের ব্যাবস্থা করব।
বিজিইএমএ সভাপতি টিপু মুন্সী বলেন, আমরা যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা লাভের জন্য উদগ্রীব হয়ে আছি।
বিজিইএমএ’র প্রতিনিধি দলটি শুক্রবার ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুস সালাম মোর্শেদ ও শাহাদত হোসেন চৌধূরী অরুন এবং পরিচালক এম. ফজলুল হক।
