বেসরকারী ব্যাংকের মাধ্যমে তেল আমদানি করতে যাচ্ছে বিপিসি
বেসরকারি ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে জ্বালানি তেল কিনতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকের দেনা পরিশোধ করতে না পারায় তারা আর ঋণ দিতে চাচ্ছে না। এজন্যে বিপিসি নতুন করে বেসরকারি ব্যাংকের কাছ থেকে ঋণ নিচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, জ্বালানি তেল কেনার জন্যে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছ থেকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রস্তাব অনুমোদনের জন্যে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমতি দিলে স্টান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংক থেকে ঋণ নেয়া হবে।
এইচএসবিসি ব্যাংক থেকেও ঋণ নেয়ার বিষয়ে আলোচনা হচ্ছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে বেসরকারি ব্যাংকের মাধ্যমে জ্বালানি তেল আমদানির এলসি খোলা হবে।
কর্মকর্তারা জানান, অগ্রণী ও জনতা ব্যাংকের সাথে কোনো সমস্যা নেই। তাদের সাথে আলোচনা হয়েছে। এই দুই ব্যাংক ঋণপত্র বা এলসি খুলছে। সোনালী ব্যাংকের সাথে আলোচনা হচ্ছে। বিমান তাদের পাওনা পরিশোধ করলে সোনালী ব্যাংকে পরিশোধ করে দেয়া হবে।
তারা বলেন, বেসরকারি ব্যাংকের মাধ্যমে তেল আমদানির জন্যে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করা হবে।
কর্মকর্তারা বলেন, ভারত বাংলাদেশকে তেল দিতে চায়। আগামী মাসে তাদের প্রতিনিধি আসবে এ বিষয়ে আলোচনা করতে।
দেশে এ মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা।
জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, একটি জাহাজ তেল নিয়ে নোঙ্গরের জন্যে চট্টগ্রাম বন্দরে অপেক্ষা করছে। অল্প দিনের মধ্যেই সে--টি খালাস হবে। ৩৯ দিনের মজুদ রাখার ব্যবস্থা আছে। মজুদ আছে ২৩ দিনের।
কর্মকর্তারা বলেন, এক মাসের বেশি মজুদ রাখা উচিত নয়। তা হলে তেলের ক্ষমতা কমে যায়। প্রতি সপ্তাহেই তেল নিয়ে জাহাজ আসছে।
মন্ত্রণালয় আগামী বছরে ২লাখ ৫০হাজার টন জ্বালানি তেল ব্যবহার কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত চার মাসে ১লাখ ২০ হাজার কমেছে বলে জানা গেছে। গত ১৫ দিনে ১৯ হাজার টন ব্যবহার কমেছে।
