২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ নেতৃবৃন্দের সাথে ওয়াল-মার্টের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বৈঠক

বিশ্ব খ্যাত ওয়াল-মার্টের উচ্চ পদস্থ কর্মকর্তারা বুধবার পোশাক শিল্পে শিশুশ্রমের ব্যবহার নিষিদ্ধ করাসহ বিভিন্ন ইস্যু বিশেষ করে শিশুশ্রম বন্ধের ব্যাপারে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যসোসিয়েশন (বিজিএমইএ) নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বৈঠকে ওয়াল-মাট কানাডার পক্ষে প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা (সিইও) মারিও পিলোজি সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী বাংলাদেশের পক্ষে নেতৃত্ব প্রদান করেন।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ওয়াল-মার্টের ভাইস প্রেসিডেন্ট চিকুই কুই ও বিভাগীয় ব্যবস্থাপক জাস পোনি উপস্থিত ছিলেন।

মারিও পিলোজি বলেন, বাংলাদেশের পোশাক কারখানাগুলো যদি মানোন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক মানকে সন্তুষ্ট করতে পারে, তাহলে তারা বিশ্ব পোশাক বাজার থেকে আরো বেশি কাজের প্রস্তাব পাবে।

পোশাক কারখানায় শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে কানাডিয় এক সাংবাদিকের প্রতিবেদন প্রকাশের পর থেকে ওয়াল-মার্ট পোশাক কারখানার শ্রমিক ও পরিবেশ মানের ওপর নজরদারি জোরদার করেছে।

সিবিসি নিউজের ফরাসি ভাষা বিভাগ এসআরসি’র ভিডিওতে শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহারের চিত্র দেখার পর ওয়াল-মার্ট ২০০৫ সালের নভেম্বর থেকে নারায়ণগঞ্জের দু’টি পোশাক কারখানার সাথে ব্যবসা বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশের পোশাক কারখানার সাথে যে চুক্তি রয়েছে, তা বাতিল করতে মানবাধিকার সংগঠনগুলো ওয়াল--মার্টকে চাপ দিচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, বিজিএমইএ নেতৃবৃন্দ তা অস্বীকার করেছেন।

ওয়াল-মার্ট ২০০৪-২০০৫ অর্থ বছরে বাংলাদেশ থেকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের তৈরি পোশাক ক্রয় করেছে।