সোনামসজিদ স্থলবন্দরে চলতি বছরে দেড় কোটি টাকার রাজস্ব আয় বৃদ্ধি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে গত ছয়মাসে দেড় কোটি টাকার রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে।
২০০৫-০৬ অর্থবছরে প্রথম ছয়মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৭০ কোটি ৬০ লাখ টাকা কিন্তু আয় হয়েছে ৭২ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৮‘শ ৬০ টাকা যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ কোটি ৫৩ লাখ ৮২ হাজার ৮‘শ ৬০ টাকা বেশি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত ছয় মাসের মধ্যে পণ্য আমদানির ক্ষেত্রে কখনও কখনও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন সংস্থা কর্তৃক পণ্য পরিবহণে হয়রানি ও বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয়ের অভাবের কারনে কিছুটা হ্রাস পেয়েছে।
এছাড়া হিলি, বুড়িমারী ও ভোমরা বন্দরে যোগাযোগের সুব্যবস্থা থাকায় আমদানিকারকরা ওইসব বন্দর দিয়ে আমদানি করার ফলে রাজস্ব আয় কমে যায়।
অপরদিকে সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশন সূত্র জানায়, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে নিষিদ্ধ পণ্যগুলো জাতীয় রাজস্ব-বোর্ড পুনরায় আমদানির অনুমতি দিলে একদিকে যেমন রাজস্ব আয় বাড়বে অন্যদিকে তেমনি বন্দরের কার্যক্রম বৃদ্ধি পাবে।
