২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল কোম্পানিগুলো কল ফ্রি অফার বন্ধ করে দিয়েছে

গ্রামীণ ফোন, অ্যাকটেল ও সিটিসেলের মত মোবাইল কোম্পানিগুলো স্ব স্ব মোবাইল ব্যবহারকারীদের প্রতি দেয়া ‘কল ফ্রি’ অফার বন্ধ করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সাথে দেশের মোবাইল কোম্পানিগুলোর মধ্যে বৈঠকের পর ‘কল ফ্রি’ অফার বন্ধ করে দেয়া হলেও বিভিন্ন প্যাকেজের আওতায় যারা বিনামূল্যে অথবা প্রায় বিনামূল্যে মোবাইলে কথা বলার সুযোগ পাচ্ছেন, তাদের ভাগ্যে কি ঘটবে সে ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

বিটিআরসি চেয়ারম্যান ওমর ফারুক সম্প্রতি এক বৈঠকে মধ্যরাতে ‘ফ্রি কল’ অফার বন্ধ করতে মোবাইল কোম্পানিগুলোর প্রতি নির্দেশ দেন।

তিনি বলেন, অভিভাবক পর্যায় থেকে প্রচুর পরিমানে অভিযোগ আসার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার ভাষায়, ফ্রি কলের অফারের সুযোগ তরুন সমাজের ব্যাপক ক্ষতি করছে।

মোবাইল কোম্পানিগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ফারুক বলেন, এখন থেকে কেউ ওই ধরনের অফার চালু করবে না। জনগণের সুবিধার্থে এ ধরনের অফার দিনের বেলায় দিতে হবে।

বিটিআরসি’র নির্দেশনার সমালোচনা করে সিটিসেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বিপণন) ইন্তিখাব মাহমুদ বিডিনিউজকে বলেন, গ্রাহকদেরকে বিনামূল্যে কল করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। কিন্তু চুক্তি অনুসারে যারা এখনও কল ফ্রি অফারের সুযোগ উপভোগ করছেন, তাদের ক্ষেত্রে কি হবে?

অ্যাকটেল কোম্পানির পরিচালক সমন্বয়ক ফজলুর রহমান বলেন, বর্তমান গ্রাহকদের কথা বিবেচনা করে কোম্পানি দ্রুত সিদ্ধান্ত নেবে। আমরা বিটিআরসি’র কাছে সময় চেয়ে নিতে পারি।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. এম ওবায়দুল্লাহ বিডিনিউজকে জানান, ফ্রি কলের সুযোগের কারণে মধ্যরাতে টেলি নেটওয়ার্ক ব্যবস্থায় ব্যাপক জটের সৃষ্টি হওয়ায় অনেকে সে সময় প্রয়োজনেও কাঙ্খিত নম্বরে কথা বলতে পারে না।

গ্রামীণ ফোনের মহাব্যবস্থাপক সৈয়দ ইয়ামিন বখত (তথ্য) জানান, গ্রামীণ ফোনের ডিজুস প্যাকেজের ফ্রি কলের অফার ইতোমধ্যে শনিবার শেষ হয়ে গেছে এবং ওই ধরনের অফার দিতে কোম্পানি কোন চিন্তাভাবনা করছে না।

ফ্রি কলের অফার তরুন প্রজন্মের মানবিক মূল্যবোধের অবক্ষয় ও তাদের জীবনধারা নেতিবাচকভাবে পরিবর্তন করছে বলে অভিভাবক মহল থেকে প্রচুর অভিযোগ উত্থাপিত হওয়ার প্রেক্ষিতে এর আগে ১০ জানুয়ারি বিটিআরসি এক চিঠিতে ফ্রি কলের অফার বন্ধ করতে দেশের সকল মোবাইল অপারেটরের প্রতি নির্দেশ দেয়।