২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা পরবর্তী বাংলাদেশের ১ম বছর অতিক্রান্ত, রপ্তানির পরিমাণ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রের বাজারে টেক্সটাইল পণ্য রপ্তানি বৃদ্ধির মধ্য দিয়েই স্বল্পোন্নত দেশ বাংলাদেশ ও কলোম্বিয়া এবং বেশ কয়েকটি উন্নয়নশীল দেশ কোটা পরবর্তী সময়ে তাদের প্রথম বছর অতিক্রম করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

তবে দাম ও লিড টাইমের দিক থেকে অন্যান্য দেশের সাথে পেরে না ওঠায় চলতি বছর বাংলাদেশের জন্যে খুবই সংকটময় হিসেবে দেখা দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি টিপু মুন্সী।

তিনি বলেন, লিড টাইম ও দামের ক্ষেত্রে অন্যান্য দেশের সমপর্যায়ে না পৌঁছা পর্যন্ত ২০০৬ সালে কোটা পরবর্তী সময়ের সুযোগ গ্রহণ বাংলাদেশের জন্যে খুবই চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে।

কোটা পরবর্তী সময়ের প্রথম বছর উপলক্ষে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যেসব প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়, ২০০৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের টেক্সটাইল পণ্য রপ্তানির হার বেড়েছে ১৭ শতাংশ এবং কলোম্বিায়ার বেড়েছে ১৮ শতাংশ।

যেসব উন্নয়নশীল দেশের রপ্তানি বেড়েছে সেগুলো হচ্ছে, পেরু (২০ শতাংশ), জর্ডান (১৮ শতাংশ), ইন্দোনেশিয়া (১৭ শতাংশ), পাকিস্তান (১১ শতাংশ) ও শ্রীলংকা (৮ শতাংশ)।

অপরদিকে, ভিয়েতনাম ও থাইল্যান্ড যুক্তরাষ্ট্রে টেক্সটাইল রপ্তানি বাড়াতে ব্যর্থ হয়েছে এবং মধ্য আমেরিকা ও ক্যারিবীয় বেশ কয়েকটি দেশের রপ্তানির হার হ্রাস পেয়েছে। তবে শিল্প ভিত্তিক অর্থনীতি সমৃদ্ধ দেশ হংকং, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটা তুলে দেওয়ার পর এরা সবচেযে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হয়েছিলো এবং তাই সত্যি হয়েছে।

২০০৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর সময় পর্যন্ত সময়ে চীনা টেক্সটাইল পণ্য রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এসময়ে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের টেক্সটাইল রপ্তানির হার বেড়েছে ৪৮ শতাংশ এবং তাদের মার্কেট শেয়ার ২০ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে দাঁড়িয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রে ভারতীয় টেক্সটাল রপ্তানির হার বেড়েছে ২৩ শতাংশ এবং তাদের মার্কেট শেয়ার ৪ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৫ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও), আন্তর্জাতিক অর্থ তহবিলসহ (আইএমএফ) বেশ কয়েকটি শীর্ষ সংস্থা ধারণা করেছিলো যে, চীন ও ভারত কোটা পরবর্তী সময়ের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবে, তবে মার্কেট শেয়ার স্থির হয়ে যাওয়ায় এবং মার্কেট সম্প্রসারণে আরও দক্ষতা অর্জনের কথা বলায় স্বল্পোন্নত দেশগুলো সম্ভবত ক্ষতিগ্রস্ত হবে।

টিপু মুন্সী সোমবার বিডিনিউজকে বলেন, কোটা পরবর্তী সময়ের প্রথম বছরে ওভেন সামগ্রী রপ্তানি হ্রাস পেলেও টেক্সটাইল রপ্তানিতে আমরা চার থেকে পাঁচ শতাংশ সাফল্য অর্জন করেছি।

নিটওয়ার রপ্তানিতেও বাংলাদেশের অবস্থান ভালো বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, কোটা পরবর্তী সময়ের সুযোগ নিতে পারার ক্ষমতা অর্জনই প্রথম বছরে আমাদের সাফল্যের উল্লেখযোগ্য দিক।