২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী ও অস্ট্রেলীয় ব্যবসায়ীরা যৌথ চেম্বার গঠন করবেন

বাংলাদেশী ও অস্ট্রেলীয় ব্যবসায়ীরা যৌথ চেম্বার গঠন করার মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকান্ড বাড়াতে একমত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও অস্ট্রেলীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে সোমবার ঢাকায় অনুষ্ঠিত আলোচনাকালে এ সিদ্ধান্ত হয়।

অস্ট্রেলিয়ার পশ্চিম প্রদেশে কৃষি ও বনজ সম্পদ মন্ত্রী কিম্বারলি মওরাইস চান্স প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই পরিচালক এম রউফ চৌধুরী, ডিসিসিআই সভাপতি এমএ মোমেন, উপদেষ্টা আলমগীর ফারুক চৌধুরী, ওষুধ শিল্প সমিতি সভাপতি এসএম সাইফুজ্জামান, সহসভাপতি মোহাম্মদ আলী ও দেওয়ান সুলতান আহমেদ এবং অস্ট্রেলীয় হাইকমিশনের কর্মকতাবৃন্দ।

অস্ট্রেলিয়ার মন্ত্রী বলেন, বাংলাদেশে উলের সঙ্গে পাটের সংমিশ্রণে কাপড় তৈরির মাধ্যমে অস্ট্রেলিয়ায় বাজার সৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এমনিতে বাংলাদেশে টেক্সটাইল শিল্পের অবস্থা অত্যন্ত উন্নত লে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, উলের সঙ্গে পাটের সংমিশ্রণে সুতা তৈরির মাধ্যমে বিশেষ এ ফাইবার দিয়ে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী ও স্কুলের ছাত্রচাত্রীদের জন্য ইউনিফম তৈরি করা সম্ভব।

এ ধরনের সুতা তৈরির ধারণাকে স্বাগত জানিয়ে নাসির হোসেন বলেন, এ কার্যক্রমের মাধ্যমে দেশের পাট খাতের নতুন যুগের সূচনা হতে পারে।

অস্ট্রেলিয়ার মন্ত্রী দক্ষ ও বিশেষ প্রশিক্ষিত শ্রমিকদের জন্য তার দেশের শ্রম বাজার উন্মুক্ত করা হবে বলে আশ্বাস দেন।

বাংলাদেশ অস্টেলিয়া থেকে ৩০ কোটি ডলার আমদানি করলেও রপ্তানি করে ৩ কোটি ৬০ লাখ ডলার। দেশের রপ্তানিকৃত পণ্যে ৬৬ শতাংশই হলো পাট এবং রাসয়নিক সার।