২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যিকভাবে বায়োটেক ফসলের দশকপূর্তির বছর পূর্ণ

বিশ্বে বাণিজ্যিকভাবে বায়োটেক’র (জিনের পরিবর্তিত শষ্য উৎপাদন পদ্ধতি) এক দশক পূর্ণ হয়েছে। ১৯৯৬ - ২০০৫ সালে বিশ্বে বায়োটেক ফসলের চাষ ৫০ গুন বেড়েছে এবং ৬টি দেশ থেকে ২১টি (১১টি উন্নয়নশীল ও ১০টি শিল্পোন্নত) দেশে ৯০ মিলিয়ন হেক্টর জমিতে ৮ দশমিক ৫ মিলিয়ন কৃষক চাষ করছে। ২০০৪ সালে তুলনায় ওই জমির পরিমান বৃদ্ধি পায় ৯ মিলিয়ন হেক্টর; অর্থাৎ ১১ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 06:57 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

গত এক দশকে বায়োটেকের দুই অংক বিশিষ্ট প্রবৃদ্ধি ছিল।

ইন্টারন্যাশন্যাল সার্ভিস ফর দি একুইজিশন অব এগ্রিবায়োটেক এপলিকেশন্স’র (আইসা) চেয়ার যুক্তরাষ্ট্রের কর্ণেল বিশ্ববিদ্যালয়ের ড. ক্লাইভ জেমস ১০ বছর পূর্তিতে সম্প্রতি ব্রাজিলে বায়োটেক নিয়ে প্রকাশিত এক বইয়ের এসব তথ্য দেন।

জাতীয় প্রেসক্লাবে শনিবার আইসার জাতীয় সমন্বয়ক অধ্যাপক কেএম নাসির উদ্দিনের নেতৃত্বে বইটির বাংলায় প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে বায়োটেকের সোনালী ধানের পরীক্ষামূলক চাষ হচ্ছে। এই উৎপাদন পদ্ধতির আওতায় বেগুন ও আলু আমদানির অনুমোদন হয়েছে। এখন পেঁপে আমদানির প্রক্রিয়া চলছে।

২১টি দেশের মধ্যে ১৪টিকে বড় উৎপাদনকারী দেশ হিসেবে চিহিৃত করা হয়েছে। এদের বায়োটেক ফসল চাষকৃত জমি ৫০ হাজার হেক্টরের বেশি।

২০০৫ সালে বায়োটেক ফসলের বিশ্ববাজার মূল্য ছিলো ৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার; যা উক্ত বছরের পোকা ও রোগ দমন খরচের ১৫ শতাংশ ও ১৮ শতাংশ বীজের বাজার মূল্য। ২০০৫ সালে ফ্রান্স, পর্তুগাল, চেক রিপাবলিক ও ইরানের বায়োটেক ফসল চাষ শুরু হয়। 

বিশ্বের ৫০ ভাগ বায়োটেক ফসলেরই চাষ হয় যুক্তরাষ্ট্রে। অধিকাংশ দেশগুলোতে বায়োটেক ভূট্টা চাষ হয়। এছাড়া সয়াবিন, তুলাসহ নানা ফসলও ব্যাপকভাবে বিভিন্ন দেশে চাষ হয়।

চীনে ৬৪ লাখ, ভারতে ১০ লাখ এবং দক্ষিণ আফ্রিকার কয়েক হাজার দরিদ্র কৃষক বায়োটেক চাষের মাধ্যমে উপকৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব আর্জেটিনা ব্রাজিল এবং চীন বিশ্বে বায়োটেক চাষে বিশেষ ভূমিকা পালন করছে।