২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাচালানের জন্য ব্যাহত হচ্ছে বাংলাদেশ মায়ানমার বাণিজ্য

ঢাকা-ইয়াঙ্গুন চুক্তির আওতায় ১৯৯৫ সালে আন্তঃসীমান্ত বাণিজ্য চুক্তি সম্পাদিত হওয়ার পরও চোরাচালানের কারণে বাংলাদেশ মায়ানমারের মধ্যে বাণিজ্য ব্যাহত হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

B

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 04:47 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

গত এক দশক ধরে চোরাচালানের কারণে ব্যাহত হচ্ছে আন্তঃসীমান্ত বাণিজ্য এবং এর ফলে বাণিজ্যিক ভারসাম্যের ক্ষেত্রে দু’দেশের মধ্যে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।

গত দশ বছরে দু দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হয়নি। গত দশ বছরে মায়ানমারে বাংলাদেশ মাসে ২০ লাখ টাকার পণ্য রপ্তানি করেছে এবং মায়ানমার থেকে প্রতি মাসে আমদানি করেছে প্রায় ১২ কোটি টাকার পণ্য।

দুই প্রতিবেশী দেশের মধ্যে ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর আন্তঃসীমান্ত চুক্তি সম্পাদিত হয় এবং ব্যবসায়ীরা তিন দিনের ভিসায় নাফ নদী পারাপারের মাধ্যমে আমদানি-রপ্তানির কাজ শুরু করে।

চোরাকারবার রোধকল্পে আন্তঃসীমান্ত বাণিজ্য শুরু হলেও ১২-১৪ টি সংঘবদ্ধ চোরাকারবারী দল চট্টগ্রাম ও কক্সবাজারের বড় বড় ব্যবসায়ীদের যোগসাজশে চোরাকারবার অব্যাহত রেখেছে।

গোয়েন্দা সূত্র বলেছে, এ চোরাকারবারে প্রভাবশালী কিছু লোকের মদদ রয়েছে। ২০০৪ সালে বিডিআর চট্টগ্রাম অঞ্চল থেকে ২২ কোটি টাকা মূল্যের সার, চাল, কারেন্ট জাল, কাঠ, ওষুধ, প্রসাধন সামগ্রী ও গর্ভ নিরোধক সামগ্রী আটক করেছে। ২০০৫ সালে আটককৃত পণ্যের মূল্য ছিল ২৮ কোটি টাকা। বিডিআর’র একজন মূখপাত্রের তথ্য অনুযায়ী, চোরাকারবারের এ পরিমাণ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে।

বিগত পাঁচ বছরের দু’দেশের মধ্যে আমদানি ও রপ্তানি ক্ষেত্রে ব্যাপক বৈষম্যেই চোরাকারবারের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।

১৯৯৫-৯৬ সালে বাংলাদেশ তিন কোটি টাকা মূল্যের পণ্য মায়ানমার থেকে আমদানি করে। পক্ষান্তরে ওই অর্থ বছরে মায়ানমারে রপ্তানির পরিমাণ মাত্র ১.৪ কোটি টাকা।

কাস্টমস্ সূত্র থেকে জানা যায়, ২০০০-০১ অর্থবছরে বাংলাদেশ ৯.৮ কোটি টাকার পণ্য আমদানি করে এবং ১৭.৪৫ লাখ টাকার পণ্য মিয়ানমারে রপ্তানি করে।

২০০১-২ অর্থবছরে আমদানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৩.৪২ কোটি টাকায়। পক্ষান্তরে রপ্তানি হয়েছিল মাত্র ১ কোটি টাকা মূল্যের পণ্য। ২০০২-৩ সালে আমদানি মূল্য ছিল ২৭ কোটি টাকা এবং রপ্তানি মূল্যের পরিমাণ ছিল ১.৭ কোটি টাকা। ২০০৩-০৪ অর্থবছরে ৫৩.০৬ কোটি টাকা মূল্যের পণ্য আমদানির বিপরীতে মাত্র ২ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।

২০০৪-০৫ সালে আমদানি মূল্য ছিল ৫৩.৪ কোটি টাকা এবং রপ্তানি মূল্যের পরিমাণ ছিল ২.২১ কোটি টাকা।

চলতি ২০০৫-০৬ অর্থবছরে সরকার ৩৪ কোটি টাকা আমদানি শুল্ক পেয়েছে। পক্ষান্তরে রপ্তানি শুল্কের পরিমাণ ছিল খুবই সামান্য।

বাংলাদেশ মায়ানমার থেকে প্রধানত মাছ, কাঠ, ধান, আদা, গোলমরিচ, বাঁশ, বেত, মসলা, রসুন ও কম্বল আমদানি করে। বাংলাদেশ থেকে এ দেশে প্রধান রপ্তানি পণ্যসমূহ হচ্ছে-- লোহা, সিমেন্ট, প্রসাধন সামগ্রী, চামড়াজাত সামগ্রী ও কচ্ছপের খোল।

আমদানী শুল্কের ৮০ ভাগ আসে মাছ আমদানি থেকে। বাংলাদেশ নেভি এবং কোস্ট গার্ডের সতর্ক প্রহড়া সত্বেও মায়ানমারে সার, ডিজেল, চাল, খাবার তেল এবং ঔষধ নিয়মিত পাচার হয়ে আসছে।

গত কয়েক মাসে আরাকান প্রদেশে চালের ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশ থেকে প্রচুর চাল সেখানে চোরাবাজারে পাচার হয়েছে। ফলে চট্টগ্রাম ও কক্সবাজারে চালের দাম বেড়ে গিয়েছে।

সাধারণত নাফ নদীতে রাতের অন্ধকারে ট্রলার বোঝাই করে চোরাচালান করা হয়।

এমনকি সীমান্ত রক্ষীদের প্রত্যক্ষ সহযোগিতায় চোরাচালান হয়ে থাকে বলে চট্টগ্রামের গোয়েন্দা সংস্থা জানায়।

চোরাকারবারীদের গ্রেপ্তার না করা এবং প্রভাবশালীদের আড়ালে থেকে যাওয়ার কারণে প্রতি বছর চোরাকারবারের পরিমান বেড়ে যাচ্ছে।

অতিসত্বর এ বিষয়ে ব্যবস্থা না নিলে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে-- এই মর্মে একটি গোয়েন্দা রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে।

রিপোর্টে কতিপয় চোরাকারবারীর নাম উল্লেখ থাকলেও তাদের প্রকৃত মদদদাতাদের কোনো উল্লেখ নেই। এদিকে বিডিআর বলেছে বাাংলাদেশ মায়ানমার সীমান্তের ১৭২ কিলোমিটার দীর্ঘ নাফ নদীতে তাদের পক্ষে পূর্ণাঙ্গ এলাকা টহল দেয়া সম্ভব নয়।

সরকার বর্তমানে ১৩টি নদীপথ চিহ্নিত করে কঠোর টহলের ব্যবস্থা করেছে যাতে করে ভারত ও মিয়ানমারে সার ও ডিজেল পাচার রোধ করা সম্ভব হয়। চোরাচালান বিরোধী টাস্কফোর্স এ বিষয়ে নিয়মিত বৈঠকে মিলিত হলেও কার্যত তাদের কোনো ব্যবস্থাই নেই চোরাকারবারীদের শাস্তি দেবার ব্যাপারে।