২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদেশিক বাণিজ্য ভারসাম্যে তীব্র সংকটের আশঙ্কা করছে সিপিডি

বৈদেশিক সাহায্যের ঘাটতি এবং বিদেশি বিনিয়োগকারীরা লাভ উঠিয়ে নেওয়ায় আগামী মাসগুলোতে বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে বলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) সরকারকে সতর্ক করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

২০০৫-০৬ অর্থবছরে (জুলাই-ডিসেম্বর) বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি: আগাম সতর্কতা এবং করণীয়’ শীর্ষক এক প্রতিবেদনের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে শনিবার তিনি একথা জানান।

সিপিডি’র নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ২০০৫-০৬ অর্থবছরের ব্যাষ্টিক অর্থনীতির ক্ষেত্রে প্রধান উদ্বেগগুলোর মধ্যে অন্যতম হবে বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যের ওপর চাপ।

দারিদ্র্য বিমোচন কৌশলপত্র অনুয়ায়ী দারিদ্র্যবান্ধব কর্মসূচি এবং এর বাস্তবায়ন, আর্থিক ও রাজস্ব ব্যবস্থাপনার বৈপরীত্য, প্রবৃদ্ধির ক্ষেত্রে অসমতা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ধীরগতি, মূল্যস্ফীতি, আভ্যন্তরীণ ঋণের দায় বৃদ্ধি এবং সরকারের ঋণ নির্ভরতার ব্যাপারেও সিপিডি’র প্রতিবেদনে আলোকপাত করা হয়।

অর্ধবার্ষিক অর্থনৈতিক প্রবণতার ওপর আলোকপাত করে সিপিডি জানায় বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য মারাত্মক হুমকির মধ্যে রয়েছে। বৈদেশিক সাহায্যের ঘাটতি এবং বিদেশি বিনিয়োগকারীরা লাভ উঠিয়ে নেওয়ায় আগামী দিনগুলোতে তা আরও সংকটের দিকে মোড় নিতে পারে।

বাজেটের আর্থিক ঘাটতি পূরণে দুই বিলিয়ন ডলার সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা উল্লেখ করে সিপিডি প্রতিবেদনে বলা হয়, অনুদান থেকে অর্ধ বিলিয়ন ডলার এবং ঋণ থেকে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার আসবে।

অন্যদিকে আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে বাংলাদেশ প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার পেতে পারে বলে সিপিডি প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া বিদেশি সাহায্যের ক্ষেত্রে ঘাটতি দেখা দেবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ২০০৬ অর্থবছরের জুলাই-অক্টোবরে বৈদেশিক সাহায্যের ছাড় উল্লেখযোগ্য হারে কমে গেছে। এ সময়ে ৩৮৩ দশমিক ০২ মিলিয়ন ডলার সাহায্য ছাড়ের কথা ছিল। কিন্তু ছাড় করা হয়েছে মাত্র ১৯৯ দশমিক ২৯ মিলিয়ন ডলার। 

তিনি বলেন, রপ্তানি, আমদানি ও রেমিটেন্সের বর্তমান হার বেশ ভালো। কিন্তু বৈদেশিক সাহায্য ছাড় কমে যাওয়ায় ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে এবং এ কারণে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ করতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, সরকার চলতি অর্থবছরের বাকি সময়ে ৩০০ থেকে ৫০০ মিলিয়ন ডলার বৈদেশিক সাহায্য নিশ্চিত করতে না পারলে আর্থিক কর্মকাণ্ডে সংকট দেখা দেবে।

অন্যথায় সরকারকে তার অর্থবছর ও আর্থিক কর্মকাণ্ডের মধ্যে সামঞ্জস্য আনতে হবে। এর ফলে জিডিপির হার হ্রাস পাবে বলে তিনি উল্লেখ করেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এক সময় বাংলাদেশের বাজার দখলের জন্যে যেসব বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছিল তাদের বেশির ভাগই তাদের লভ্যাংশ প্রত্যাহার করে নিচ্ছে। এর ফলে বাণিজ্য ভারসম্যে চাপ সৃষ্টি হচ্ছে। 

তিনি কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে শিল্প ভিত্তিক কর্মকাণ্ড বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও দরিদ্র মানুষ যাতে প্রবৃদ্ধির সুফল ভোগ করতে পারে সেজন্যে তিনি অধিক সামাজিক সংরক্ষণ কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সিপিডি’র গবেষণা পরিচালক মুস্তাফিজুর রহমান ও গবেষণা ফেলো উত্তম কুমার দেব উপস্থিত ছিলেন।