২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর রহমানের মন্তব্য তার ‘আত্মবিশ্বাসের ঘাটতি’র বহিঃপ্রকাশ: সিপিডি

দেশের অর্থনীতিবিদদের সম্পর্কে সাইফুর রহমানের মন্তব্যকে তার ‘আত্মবিশ্বাসের ঘাটতি’র বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেছে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

প্রসঙ্গত, অর্থনীতির উন্নত ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শের প্রেক্ষিতে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার অর্থনীতিবদিদের কঠোর সমালোচনা করেন।

সাইফুর রহমানের এ মন্তব্য সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সিপিডির নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিবিদ না হয়েও অর্থনীতিবিদদের সম্পর্কে এ ধরনের অব্যাহত মন্তব্য করা থেকে তার বিরত থাকা উচিত।

তবে তিনি বলেন, সমালোচনার প্রেক্ষিতে অর্থমন্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তারা আরও স্বচ্ছ ও  জবাবদিহিতামূলক মন্তব্য আশা করেছিলেন।

বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ’র (বিআইডিএস) বোর্ড মিটিংয়ে বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবেলার পরামর্শ দেওয়ার প্রেক্ষিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান অর্থনীতিবিদদের কঠোর সমালোচনা করেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিবিদরা রাশিয়ায় পড়াশুনা করে কিছুই না জেনে কেবল বক্তব্য দিয়ে যাচ্ছেন।

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, আমরা বাংলাদেশের অর্থনীতিবিদরা পূঁজিবাদী ও সমাজতান্ত্রিক উভয় মডেল সম্পর্কেই জানি। অর্থনীতিবিদরা ১৯৭১ ও ১৯৯০ সালসহ দেশের সকল জাতীয় সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অর্থমন্ত্রীর মন্তব্য সঠিক নয়। অর্থনীতি বিষয়কে বাদ দিয়ে তিনি কেবল অর্থনীতিবিদদের সমালোচনা করেন।